Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

উৎসবের ভিড়ে বেপরোয়া গাড়ির তাণ্ডব, কানাডায় মৃত্যু ৯ জনের

রাস্তায় নেমে উৎসবে মেতেছিলেন হাজার হাজার মানুষ। সেই উদযাপনের মধ্যেই বেপরোয়া গতিতে ঢুকে পড়ল কালো এসইউভি।

উৎসবের ভিড়ে বেপরোয়া গাড়ির তাণ্ডব, কানাডায় মৃত্যু ৯ জনের
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অটোয়া: রাস্তায় নেমে উৎসবে মেতেছিলেন হাজার হাজার মানুষ। সেই উদযাপনের মধ্যেই বেপরোয়া গতিতে ঢুকে পড়ল কালো এসইউভি। মুহূর্তের মধ্যে পিষে দিল বেশ কয়েকজনকে। শনিবার রাতের এই ঘটনাটি কানাডার ভ্যাঙ্কুভারের। এই ঘটনায় ন’জনের মৃত্যু হয়েছে। জখম আরও অনেকে। ইতিমধ্যে ঘাতক গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, ধৃত যুবক ভ্যাঙ্কুভারের বাসিন্দা। নিছক দুর্ঘটনা? নাকি জঙ্গি হামলা? তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। পুলিস জানিয়েছে, তদন্ত এগলে আরও তথ্য প্রকাশ করা হবে। 

Advertisement

ঘড়ির কাঁটায় তখন রাত আটটা। ফ্রেসার এলাকায় উৎসবে মাতোয়ারা প্রবাসী ফিলিপিনো সম্প্রদায়ের লোকজন। ‘লাপু লাপু ডে’ উদযাপনে ব্যস্ত ছিলেন তাঁরা। আচমকাই দ্রুত গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে গাড়িটি। একের পর এক ব্যক্তিকে ধাক্কা মারতে মারতে এগিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি চালাচ্ছিলেন একজন এশীয়। তিনি মানসিক ভারসাম্যহীন বলেও দাবি তাঁদের। ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নিথর দেহ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ষোড়শ শতকের উপনিবেশ-বিরোধী ফিলিপিনো নেতা লাপুলাপুর স্মরণেই এই উৎসব পালন করা হয়। জানা যায়, ১৫২১ সালে ফার্ডিনান্ড ম্যাগেলানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই ঘটনাকে স্মরণ করেই উৎসবের আনন্দে মেতে ওঠেন ফিলিপিন্সের মানুষ। উৎসব স্থলে থাকা নিরাপত্তারক্ষী জেন ইদাবা কাস্তানেতোর কথায়, ‘চারিদিকে মৃতদেহ পড়ে রয়েছে। কাকে সাহায্য করব বুঝতে পারছিলাম না। ভয়ানক ঘটনা।’ ঘটনায় শোকপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, ‘মৃত ও জখমদের পরিবারকে সমবেদনা। এই কঠিন মুহূর্তে কানাডার ফিলিপিনো সম্প্রদায় ও ভ্যাঙ্কুভারবাসীর পাশে রয়েছি।’ ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম লেখেন, ‘লাপু লাপু ডে উৎসবে এই দুর্ঘটনায় শোকাহত।’ 

সম্পর্কিত সংবাদ