Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ম্যান সিটির চ্যালেঞ্জ টপকাতে তৈরি রিয়াল

কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হালান্ড। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের পর থেকেই চর্চায় এই দ্বৈরথ। মার্কিন মুলুকে একই গ্রুপে রয়েছে ফ্রান্স ও নরওয়ে।

ম্যান সিটির চ্যালেঞ্জ টপকাতে তৈরি রিয়াল
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

মাদ্রিদ: কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হালান্ড। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের পর থেকেই চর্চায় এই দ্বৈরথ। মার্কিন মুলুকে একই গ্রুপে রয়েছে ফ্রান্স ও নরওয়ে। তবে দেশের জার্সিতে একে অপরের বিরুদ্ধে নামার আগেই ক্লাব ফুটবলে মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে বর্তমান বিশ্ব ফুটবল আঙিনায় এই দুই তারকা অ্যাটাকারের। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেননি এমবাপে। ফলে তাঁর চোট নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। রিয়াল শিবির থেকে অবশ্য এই নিয়ে কিছু জানানো হয়নি। বুধবার প্রথমবারের জন্য স্ট্র্যাটেজির লড়াইয়ে নামছেন প্রাক্তন গুরু-শিষ্য। বায়ার্ন মিউনিখে থাকাকালীন পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণে দু’বছর খেলেছেন জাবি আলোন্সো। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্বে। তাই বুধবার স্ট্র্যাটেজির লড়াইয়ে প্রাক্তন কোচকে টেক্কা দিতে মুখিয়ে ভিনিসিয়াসদের হেডস্যার।

Advertisement

ইউরোপ সেরার আসরে অতীতে ১৪বার একে অপরের মুখোমুখি হয়েছে রিয়াল  মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি। পাঁচবার জিতেছে রিয়াল। আর চারবার সিটিজেনরা। গতবার প্লে-অফের লড়াইয়ে দু’লেগেই শেষ হাসি হাসে ‘লস ব্ল্যাঙ্কোস’। প্রতিটি ম্যাচেই রিয়ালকে টানেন এমবাপে। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে ফরাসি তারকা। ইতিমধ্যেই ৫ ম্যাচে ৯টি গোল রয়েছে তাঁর নামের পাশে। তাই বুধবার এমবাপে না খেললে তা রিয়ালের জন্য বড় ধাক্কা। 
দিনের অপর ম্যাচে ক্লাব ব্রাগের মুখোমুখি হবে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে হারের ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য গানারদের। উল্লেখ্য, টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আর্তেতা ব্রিগেড। অন্য ম্যাচে অ্যাথলেতিক ক্লাবের বিরুদ্ধে নামছে পিএসজি।

Advertisement
সম্পর্কিত সংবাদ