Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফেভারিট আরসিবি, শাপমুক্তির আশায় জেমাইমার ক্যাপিটালস

২০২৩, ২০২৪ ও ২০২৫— ডব্লুপিএলের তিন মরশুমেই ফাইনাল খেলেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু একবারও ট্রফি জিততে পারেনি রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

ফেভারিট আরসিবি, শাপমুক্তির আশায় জেমাইমার ক্যাপিটালস
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বরোদা: ২০২৩, ২০২৪ ও ২০২৫— ডব্লুপিএলের তিন মরশুমেই ফাইনাল খেলেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু একবারও ট্রফি জিততে পারেনি রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। শুধু তাই নয়, সেই ধারা বজায় রেখে এবারও খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছে দিল্লি। বৃহস্পতিবার মহাম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে তারা। শাপমুক্তির আশায় জেমাইমা রডরিগেজ ব্রিগেড। অতীতের হতাশা ঝেড়ে প্রথমবার ট্রফির স্বাদ পেতে মরিয়া দিল্লি। আরসিবি’র আবার কাপ পুনরুদ্ধারের লক্ষ্যে ফাইনালে নামছে। ২০২৪ সালে প্রথমবার কাপ জিতেছিলেন স্মৃতি মান্ধানারা। তবে গতবার চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। মহার্ঘ্য ট্রফি আবার বেঙ্গালুরুতে ফেরাতে বদ্ধপরিকর স্মৃতিরা-রিচারা।

Advertisement

চলতি আসরে স্বপ্নের ফর্মে রয়েছে আরসিবি। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে ইতিহাস গড়েছিল তারা। পুরো প্রতিযোগিতায় এখনও পর্যন্ত হেরেছে মাত্র দু’টি ম্যাচে। ব্যাটিংয়ে তাদের বড় ভরসা স্মৃতি মান্ধানা। চলতি প্রতিযোগিতায় ক্যাপ্টেনের ব্যাট থেকে ইতিমধ্যে এসেছে ২৯০ রান। এছাড়া ছন্দে আছেন স্টলওয়ার্ট গ্রেস হ্যারিস। তাঁর সংগ্রহ ৮ ম্যাচে ২২৮। তার মধ্যে গত ম্যাচেই ৭৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। এছাড়া জর্জিয়া ভল, রিচা ঘোষরাও রানের মধ্যে আছেন। বোলিংয়ে বেঙ্গালুরুর বড় ভরসা দক্ষিণ আফ্রিকার নাদিন ডে ক্লার্ক। ১৫টি উইকেটে নিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি তিনি। এছাড়া লরেন বেল ১২টি উইকেট নিয়েছেন। স্পিন বিভাগে শ্রেয়াঙ্কা পাতিলও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সবমিলিয়ে, প্রতিটি বিভাগেই দারুণ ভারসাম্য রয়েছে। কোনও সন্দেহ নেই, ফেভারিট হিসেবে খেতাবি লড়াইয়ে নামবে আরসিবি। তবে লিগের ম্যাচে বন্ধু জেমাইমার কাছে হার মানতে হয়েছিল স্মৃতিকে। এবার তারই মধুর প্রতিশোধ নিতে চাইবেন তিনি।

অন্যদিকে, ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে প্রথম বছরই দিল্লিকে খেতাব জেতাতে চান জেমাইমা রডরিগেজ। রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির প্রধান শক্তি বোলিং। পেস বিভাগে দুর্দান্ত ফর্মে চিনেল হেনরি ও নন্দিনী শর্মা। ১৬টি উইকেট নিয়ে নন্দিনী এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। আর ব্যাটিংয়ে জেমাইমা, লেজেল লি ও শেফালি ভার্মার মতো তারকারা ছন্দে আছেন। বৃহস্পতিবার ডব্লুপিএল ফাইনালে আরসিবি’কে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর আশায় দিল্লি ক্যাপিটালস।

খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।

সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ