Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত রামবন খুলল বাগলিহার বাঁধের দু’টি গেট, বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

প্রকৃতির রোষানলে জম্মু ও কাশ্মীরের রামবন জেলা। গত মাসে ভারী বৃষ্টি, ভূমিধসের জেরে সেখানে কয়েকশো মানুষ ঘরছাড়া হন।

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত রামবন খুলল বাগলিহার বাঁধের দু’টি গেট, বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: প্রকৃতির রোষানলে জম্মু ও কাশ্মীরের রামবন জেলা। গত মাসে ভারী বৃষ্টি, ভূমিধসের জেরে সেখানে কয়েকশো মানুষ ঘরছাড়া হন। বৃহস্পতিবারও ওই জেলায় বৃষ্টিপাত অব্যাহত। এদিন সকালেও ভারী বৃষ্টি হয়েছে রামবনে। এর জেরে সেখানে জলস্তর বেড়েছে। ফলে চন্দ্রভাগার নদীর উপর বাগলিহার বাঁধের দু’টি গেট খুলে দিতে বাধ্য হল কেন্দ্র। সালাম বাঁধের ফ্লাডও গেটও খোলা হয়েছে। এর ফলে পাকিস্তানে জলস্তর বাড়বে বলে মনে করা হচ্ছে। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। কয়েকদিন আগেই চন্দ্রভাগার জল আটকে দেওয়া হয়েছিল। রামবন জেলায় চন্দ্রভাগার উপর রয়েছে বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। পাকিস্তানকে সবক শেখাতে সেই বাঁধ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দু’দিনের মধ্যে সেই বাঁধের দু’টি গেট খোলা হল। 

Advertisement

বৃহস্পতিবার ভারী বৃষ্টির পাশাপাশি ভূমিধসও হয়েছে বিভিন্ন এলাকায়। ফলে অবরুদ্ধ রাস্তা। সম্ভব হচ্ছে না যান চলাচল। এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে। হড়পা বানের কবলে পড়ে রামবন বাজার এলাকা। কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর মেলেনি। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ সেরি ও নাচলানা এলাকায় ভূমিধস হয়। পাথর পড়ে থাকায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। দু’দিকেই শতাধিক যানবাহন আটকে পড়েছে। আবহাওয়ার উন্নত না হওয়া পর্যন্ত জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু করা যাবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১১ মে পর্যন্ত হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। ১৩ মে জম্মুতে আবহাওয়ার উন্নতি হতে পারে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ