আহমেদাবাদ: চার ম্যাচের তিনটিতে জয়। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে গুজরাত টাইটান্স। শুভমান গিলের দলকে দেখাচ্ছে অপ্রতিরোধ্য। জয়ের হ্যাটট্রিক করেছে তারা। বুধবার মোতেরায় ছন্দে থাকা হোমটিমের প্রতিদ্বন্দ্বী রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন বাহিনী চার ম্যাচের দুটোতে হেরেছে। তবে শনিবার যে দাপটের সঙ্গে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫০ রানে জয় এসেছে, তাতে আত্মবিশ্বাস বাড়তে বাধ্য। গুজরাত অবশ্য হেড টু হেডে অনেক এগিয়ে। দু’দলের ছয় সাক্ষাতের পাঁচটিতেই জিতেছে তারা। রাজস্থানের জয় মাত্র একটিতে। শুধু পরিসংখ্যানেই নয়, ধারেভারেও কিছুটা এগিয়ে গুজরাত।
মোতেরায় এই ম্যাচ অবশ্য চিহ্নিত হতেই পারে গুজরাতের মহম্মদ সিরাজ বনাম রাজস্থানের জোফ্রা আর্চারের টক্কর হিসেবে। বিধ্বংসী মেজাজে থাকা সিরাজ আগের দুটো ম্যাচেই দুরমুশ করেছেন বিপক্ষকে। অবিশ্বাস্য ১৩.৭৭ গড়ে ৯ উইকেট পকেটে পুরেছেন তিনি। ইকনমি রেট ৭.৭৫। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির উপেক্ষা মিলিয়ে নিজেকে প্রমাণের জেদ তাঁর যথেষ্টই। বাঁ-হাতি স্পিনার সাই কিশোর, পেসার প্রসিদ্ধ কৃষ্ণও রয়েছেন উইকেটের মধ্যে। চিন্তায় রাখছেন শুধু রশিদ খান। তবে গুজরাত ব্যাটিংয়ে ভরসা জোগাচ্ছেন সুদর্শন, গিল, বাটলার, রাদারফোর্ডরা।
গিলদের পরীক্ষা অবশ্য জোফ্রার বিরুদ্ধে। পাঞ্জাবের বিরুদ্ধে সদ্য তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তিনি। ছন্দে থাকা আর্চার ছাড়াও রয়েছেন রাজস্থানের সন্দীপ শর্মা, মহেশ থিকশানা, হাসারাঙ্গারা। এদিকে, ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের গত ম্যাচে রানে ফেরা স্বস্তি এনেছে রাজস্থান শিবিরে। ক্যাপ্টেন সঞ্জু, ধ্রুব জুরেল, নীতীশ রানা, রিয়ান পরাগরাও রয়েছেন রানে।