Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারকদের পাল্লায় পড়ে ১৩ লক্ষ টাকা খোয়ালেন রাজারহাটের যুবক, ইউটিউব, গুগলে রিভিউ প্রতি ১৫০ টাকার ফাঁদ

দু’ধরনের কাজের অফার। এক, ইউটিউব চ্যানেলে রিভিউ লেখা। দুই, গুগলে গিয়ে শহরের ভালো রেস্তরাঁর রিভিউ। দু’টি ক্ষেত্রেই রিভিউ প্রতি মিলবে ১৫০ টাকা কমিশন।

প্রতারকদের পাল্লায় পড়ে ১৩ লক্ষ টাকা খোয়ালেন রাজারহাটের যুবক, ইউটিউব, গুগলে রিভিউ প্রতি ১৫০ টাকার ফাঁদ
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দু’ধরনের কাজের অফার। এক, ইউটিউব চ্যানেলে রিভিউ লেখা। দুই, গুগলে গিয়ে শহরের ভালো রেস্তরাঁর রিভিউ। দু’টি ক্ষেত্রেই রিভিউ প্রতি মিলবে ১৫০ টাকা কমিশন। প্রতারকদের এই ফাঁদে পা দিয়ে ১৩ লক্ষ টাকা খোয়ালেন রাজারহাটের এক যুবক। বাড়িতে বসে বেশি টাকা রোজগারের টোপ গিলে তিনি তাঁদের কথায় বিনিয়োগ করেছিলেন। পরে বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন। রিভিউয়ের কমিশন, বিনিয়োগের মুনাফা তো দূরের কথা, মূল টাকাই ফিরে পাননি! এ নিয়ে তিনি বৃহস্পতিবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement

টেলিগ্রাম গ্রুপে শেয়ার বাজারে বিনিয়োগের নামে প্রতারণা বেড়েই চলেছে। অনেকে সচেতন হচ্ছেন। তাই প্রতারকরা প্রথমে বিনিয়োগের কথা না বলে সোশ্যাল মিডিয়ায় রিভিউ, বাড়িতে বসে ‘ওয়ার্ক ফ্রম হোমে’র টোপ দিচ্ছেন। কাউকে কাউকে কাজের জন্য প্রথমে কিছু টাকাও পেমেন্ট করছেন। তারপরই প্রতারকরা তাঁদের ‘ব্যবসা’য় বিনিয়োগ করতে বলছেন। অল্পদিনেই বেশি মুনাফার লোভে সেই ফাঁদে পা দিচ্ছেন তরুণ প্রজন্মের ছেলে-মেয়ে থেকে প্রবীণরা। বিধাননগর কমিশনারেট এলাকায় অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। কমিশনারেটের পক্ষ থেকে বারংবার সচেতন করা হচ্ছে। কিন্তু, তা সত্ত্বেও প্রতারকদের টোপ গিলছেন বহু মানুষ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের ওই যুবককেও প্রথমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়েছিল। প্রথমে তাঁকে রিভিউয়ের কাজ দেওয়া হয়েছিল। তারপর তাঁকে বলা হয়, ২০০০ টাকা বিনিয়োগ করলে কয়েকদিনের মধ্যেই ২৮০০ টাকা মিলবে। পরের দিন তাঁকে বলা হয়, ৫ হাজার টাকা বিনিয়োগ করলে রিভিউ প্রতি কমিশন ১৫০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়ে যাবে। তারপর দু’লক্ষ, তিন লক্ষ, পাঁচ লক্ষ টাকা করে বিনিয়োগ করতে বলা হয়। ওই যুবকও বিনিয়োগ করে বসেন। পরে টাকা তুলতে গেলে তিনি বুঝতে পারেন, প্রতারকদের ফাঁদে পড়েছেন। তখন মাথায় হাত। তারপরই পুলিসের দ্বারস্থ হন তিনি। পুলিসের দাবি, যে কোনও কাজ বা বিনিয়োগে সতর্ক হতে হবে। তা না হলে খোয়াতে হতে পারে সর্বস্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ