Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চলতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সর্বত্রই বৃষ্টির ঘাটতি, তৈরি হয়নি নিম্নচাপ

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে (৩ থেকে ১০ তারিখ পর্যন্ত) চলতি বর্ষা মরশুমে এই প্রথম দার্জিলিং ছাড়া, এরাজ্যের সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সর্বত্রই বৃষ্টির ঘাটতি, তৈরি হয়নি নিম্নচাপ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে (৩ থেকে ১০ তারিখ পর্যন্ত) চলতি বর্ষা মরশুমে এই প্রথম দার্জিলিং ছাড়া, এরাজ্যের সব জেলাতেই বৃষ্টির ঘাটতি রয়েছে। স্বাভাবিক গড়ের চেয়ে ১৯ শতাংশ কম বৃষ্টি হলেই আবহাওয়া বিজ্ঞানীদের বিচারে তা ঘাটতি। অনেকগুলি জেলাতেই স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সামগ্রিকভাবে, রাজ্যে ওই সময়ে বৃষ্টি কম হয়েছে স্বাভাবিকের চেয়ে ৫৭ শতাংশ। দক্ষিণ দিনাজপুর জেলায় এই সময়ে কোনও বৃষ্টিই হয়নি। তবে বর্ষা মরশুমের সামগ্রিক হিসেবে (১ জুন থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত) উত্তরবঙ্গের চারটি (দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর) ছাড়া রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির ঘাটতি নেই। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে আলিপুরদুয়ার জেলায় ২৫ শতাংশ কম বৃষ্টি হলেও পরিমাণের নিরিখে রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি (১৯৫১.৫ মিমি) সেখানেই হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ খুব বেশি হয়। আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী একসপ্তাহে দক্ষিণবঙ্গে সাধারণভাবে স্বাভাবিক বৃষ্টি হবে। তার পরের সপ্তাহে (২৫ সেপ্টেম্বর পর্যন্ত) দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে স্বাভাবিকের চেয়ে কম। এই সময়ে উত্তরবঙ্গে অবশ্য স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিও হতে পারে কোনও কোনও জায়গায়।

Advertisement

পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারে এরকম কোনও নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি না-হওয়ার কারণে রাজ্যে বৃষ্টি কমেছে। জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে এখন যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব রাজ্যের উপর পড়বে না বলেই জানিয়েছেন, কেন্দ্রীয়  আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। কিন্তু নিম্নচাপের প্রভাবে বড়ো এলাকা জুড়ে যেরকম টানা বেশি মাত্রায় বৃষ্টি হয়, তেমনটা হওয়ার সম্ভাবনা আপাতত নেই। আগামী ২০ সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। কিন্তু সেটি হবে পশ্চিম-মধ্য ও লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপটিও উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে। এমন সম্ভাবনাই বেশি। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 
এবার বর্ষাকালে এখনও পর্যন্ত দেশে বিহার এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বড়ো অংশ ছাড়া কোথাও বৃষ্টির ঘাটতি নেই। আবহাওয়া দপ্তর শুক্রবার জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর নাগাদ পশ্চিম রাজস্থান থেকে বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

সম্পর্কিত সংবাদ