Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আজও, কমতে পারে কাল থেকে

উত্তর বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বেড়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আজও, কমতে পারে কাল থেকে
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বেড়েছে। বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। কলকাতায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে ৪৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। উলুবেড়িয়া ও বাঁকুড়ায় এইসময়ে বৃষ্টি হয়েছে যথাক্রমে ৩৩ ও ২৬ মিমি। এই ধরনের পরিস্থিতি আজ, মঙ্গলবারও থাকতে পারে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী কাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে কয়েকটি জেলায় ওইদিনও ভারী বৃষ্টি হতে পারে। 

Advertisement

বুধবারের পর দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে ৪ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি জেলার কোনও কোনও স্থানে ৩-৪ আগস্ট অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এজন্য ওইসব এলাকায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে।  কয়েকদিন আগে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি  এখন উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও লাগোয়া পূর্ব রাজস্থানের উপর আছে। নিম্নচাপটি রাজ্য থেকে অনেক দূরে সরে গেলেও উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু অংশে পড়ছে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। 
রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটিও রাজ্যের উপর আছে। এই তিনটির প্রভাবে বৃষ্টির মেঘ সৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। জানাচ্ছে আবহাওয়া অফিস। আগামী কাল, বুধবার ভারী বৃষ্টি হতে পারে নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কিছু স্থানে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ