Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নচাপ সরায় আজ বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবার দক্ষিণবঙ্গের  উপর ছিল। সেটি ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবে সোমবার বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

নিম্নচাপ সরায় আজ বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবার দক্ষিণবঙ্গের  উপর ছিল। সেটি ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাবে সোমবার বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান। বৃষ্টি  বাড়তে পারে ঝাড়খণ্ডে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় আজও ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বর্ষা এখন সক্রিয় অবস্থায় থাকবে রাজ্যজুড়েই। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। কোনও কোনও স্থানে ভারী বৃষ্টিও হতে পারে। বর্ষার প্রথম মাস, জুনে দক্ষিণবঙ্গে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা। উত্তরবঙ্গে সার্বিকভাবে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়েছে। এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, জুলাই মাসে দেশে সার্বিক বিচারে দীর্ঘকালীন গড়ের চেয়ে বেশিই বৃষ্টি হবে। 

Advertisement

সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুরুলিয়ার পুরীহানসাতে (১০০ মিমি)। পশ্চিম বর্ধমানের বার্নপুরে ৯০ মিমি, আসানসোলে ৫০ মিমি, বাঁকুড়ার কংসাবতীতে ৫০ মিমি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর সোমবার বেলার দিকেও পশ্চিমাঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টির খবর পেয়েছে। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বিপদের আশঙ্কা থাকে। কারণ ডিভিসিসহ আরও অনেক বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে যায়। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের যা গতিপ্রকৃতি তাতে ঝাড়খণ্ডের দামোদর অববাহিকা এলাকায় কিছুটা কম বৃষ্টি হবে। ওড়িশা সংলগ্ন ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খণ্ডে চান্ডিল বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে চান্ডিল থেকে বেশি জল ছাড়ার জন্য সুবর্ণরেখায় জল বাড়ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ