Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চিন্নাস্বামীতে বিরাট-ধোনি দ্বৈরথে বৃষ্টির চোখরাঙানি

আরও দু’পয়েন্ট মানে প্লে-অফের টিকিট কার্যত নিশ্চিত। সেই লক্ষ্যেই শনিবার ঘরের মাঠ চিন্নাস্বামীতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চিন্নাস্বামীতে বিরাট-ধোনি দ্বৈরথে বৃষ্টির চোখরাঙানি
  • ৩ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

বেঙ্গালুরু: আরও দু’পয়েন্ট মানে প্লে-অফের টিকিট কার্যত নিশ্চিত। সেই লক্ষ্যেই শনিবার ঘরের মাঠ চিন্নাস্বামীতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০টি খেলে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে বিরাট কোহলিরা। আর সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে ধোনির চেন্নাই। প্লে-অফে ওঠার আশাও শেষ। তাই বাকি ম্যাচগুলিতে হলুদ জার্সিধারীরা শুধুই সান্ত্বনা জয়ের খোঁজে মাঠে নামবে। হারানোর কিছু নেই তাদের। তাই খোলা মনে সেরাটা উজাড় করে দেওয়াই এখন মন্ত্র ধোনি ব্রিগেডের। সেক্ষেত্রে পচা শামুকে পা কাটার সম্ভাবনা রয়েছে অনেক দলের। অবশ্য আরসিবি রয়েছে দুর্দান্ত ফর্মে। জয়ের হ্যাটট্রিকে ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। তাই শনিবারের লড়াইয়েও পাল্লা ভারী বেঙ্গালুরুর।

Advertisement

এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে অবশ্যই কোহলি-ধোনির দ্বৈরথ। তবে বাদ সাধতে পারে বৃষ্টি। শুক্রবার প্র্যাকটিসের সময় ঝাঁপিয়ে বৃষ্টি নামে। ফলে কিটস গুছিয়ে ড্রেসিং-রুমে ফিরতে হয় দুই দলের ক্রিকেটারদের। ম্যাচের দিন বরুণদেব কেমন মুডে থাকেন,সেটাই দেখার। তবে আরসিবি সমর্থকরা ঘরের মাঠে আরও একটা ঝলমলে জয়ের আশায় বুক বাঁধছেন। আসলে চলতি মরশুমে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে দল। জাগিয়েছে প্রথমবার ট্রফি জয়ের আশা। আরসিবি’র ব্যাটিংয়ের বড় ভরসা বিরাট কোহলি সেরা ফর্মে। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তিনি। রয়েছেন কমলা টুপি দখলের লড়াইয়ে। পাশাপাশি দেবদূত পাদিক্কাল, রজত পাতিদাররাও ধাক্কা সামলে দলকে টেনে তোলার ব্যাপারে যথেষ্ট দক্ষ। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরছেন ক্রুণাল পান্ডিয়া। টিম ডেভিড, জীতেশ শর্মা, রোমারিও শেফার্ডের মতো ক্রিকেটাররাও লোয়ার মিডল অর্ডারে বেঙ্গালুরুর বড় ভরসা। আরসিবি’র বোলিংও যথেষ্ট শক্তিশালী। নিয়মিত উইকেট পাচ্ছেন হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, যশ দয়ালরা। স্পিন বিভাগে ক্রুণালের সঙ্গী হচ্ছেন সুয়াশ শর্মা।
এদিকে, চেন্নাই সুপার কিংস দলে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আসলে এবারের মতো ট্রফি জেতার আশা শেষ। তাই রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে নিতে পারেন কোচ স্টিফেন ফ্লেমিং। তবে স্যাম কারানের ছন্দে ফেরা চেন্নাই শিবিরের পক্ষে খুবই ইতিবাচক। ফর্মে আছেন রবীন্দ্র জাদেজাও। এছাড়া শিবম দুবে ঝোড়ো ব্যাটিংয়ে আরসিবি’র বোলারদের চাপে ফেলতে পারেন। চেন্নাইয়ের বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন ফিরতে পারেন। বিশ্রাম দেওয়া হতে পারে পাথিরানা, খলিলকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ