নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত ১৫ ফেব্রুয়ারি রাতে নিউদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। রেলের চরম অব্যবস্থার জেরে ঘটে যাওয়া মর্মান্তিক ওই ঘটনার পরেই সামনে এসেছিল চাঞ্চল্যকর এক তথ্য। জানা যায়, নির্ধারিত সীমার থেকে অনেক বেশি সংখ্যক জেনারেল ক্লাসের টিকিট ওই রাতে বিক্রি করা হয়েছিল নিউদিল্লি স্টেশনে। এর ফলে স্টেশন চত্বর এবং প্ল্যাটফর্মে রেল যাত্রীদের মাত্রাছাড়া ভিড় হয়ে যায়। কিন্তু পরিকাঠামো খতিয়ে না দেখেই অধিক সংখ্যক জেনারেল ক্লাসের টিকিট বিক্রি নিয়ে এতদিন সরকারিভাবে কোনও উচ্চবাচ্য করেনি রেলমন্ত্রক। অবশেষে বদলাল ছবিটা। গত ১৫ ফেব্রুয়ারি যে নিউদিল্লি স্টেশনে বহুগুণ বেশি জেনারেল ক্লাসের টিকিট বিক্রি করা হয়েছিল, শেষ পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে মেনে নিল রেল বোর্ড।
বুধবার লোকসভায় এই ব্যাপারে রেলমন্ত্রকের কাছে লিখিত প্রশ্ন করেন তৃণমূলের সাংসদ মালা রায়। গত ১৫ ফেব্রুয়ারি নিউদিল্লি স্টেশনে কত জেনারেল ক্লাসের টিকিট বিক্রি করা হয়েছিল, নির্দিষ্ট করে তা জানতে চান তৃণমূলের সাংসদ। জবাবে এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখিতভাবে জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি নিউদিল্লি স্টেশনে প্রায় ৪৯ হাজার জেনারেল ক্লাসের টিকিট বিক্রি হয়েছিল। বিগত ছ’মাসে নিউদিল্লি স্টেশনে দৈনিক গড় টিকিট বিক্রির যা পরিমাণ, শুধুমাত্র ১৫ ফেব্রুয়ারির জেনারেল ক্লাসের টিকিট বিক্রির সংখ্যাই তার থেকে অন্তত ১৩ হাজার বেশি। অশ্বিনী বৈষ্ণবের এহেন লিখিত জবাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। পদপিষ্ট হওয়ার দিন ‘হাই প্রোফাইল’ নিউদিল্লি স্টেশনে নির্ধারিত সীমার থেকে অনেক বেশি সংখ্যক জেনারেল ক্লাসের টিকিট যে বিক্রি করা হয়েছিল, রেলমন্ত্রকের ‘স্বীকারোক্তি’তে সেই তত্ত্বই শেষমেশ প্রতিষ্ঠিত হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো বলে মত ওয়াকিবহাল মহলের। যদিও এদিনের লিখিত জবাবে কোথাও পদপিষ্টের ঘটনার উল্লেখ করেনি মোদি সরকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও বুঝিয়ে দিয়েছেন, তুলনায় বেশি জেনারেল ক্লাসের টিকিট বিক্রি হলেও ভিড় সামাল দিতে পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থাও ছিল ওইদিন। রেলমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, এই অতিরিক্ত ভিড় সামাল দিতে ১৫ ফেব্রুয়ারি পাঁচটি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। প্রতিটি ট্রেন কমবেশি তিন হাজার জন যাত্রীকে নিয়ে যেতে সক্ষম। ফলে খুব সহজেই বাড়তি প্রায় ১৫ হাজার যাত্রীর ভিড় সামাল দেওয়ার বন্দোবস্ত ছিল নিউদিল্লি স্টেশনে। যদিও রেলমন্ত্রীর এই জবাব ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।