Bartaman Logo
১০ জুন, ২০২৬

সাভারকর নিয়ে রাহুলের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: সুপ্রিম কোর্ট

হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরের বিরুদ্ধে মন্তব্যের মামলায় রাহুল গান্ধীকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট

সাভারকর নিয়ে রাহুলের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: সুপ্রিম কোর্ট
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরের বিরুদ্ধে মন্তব্যের মামলায় রাহুল গান্ধীকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি মনমোহন ও দীপঙ্কর দত্তের বেঞ্চ বলল, ইতিহাস না জেনে স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে আপনি এভাবে যা ইচ্ছা বলতে পারেন না। রাহুল গান্ধীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ অ্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভবিষ্যতে ফের এসব বললে আদালত স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেবে। তবে এবিষয়ে এই কংগ্রেস নেতার বিরুদ্ধে লখনউয়ের আদালতে ফৌজদারি মানহানির যে 

Advertisement

মামলা চলছে, তাতে এদিন স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত।
ভারত জোড়ো যাত্রা চলাকালীন ২০২২ সালে ১৭ নভেম্বর মহারাষ্ট্রের আকোলা জেলায় সাভারকরের বিরুদ্ধে রাহুল গান্ধী আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে উত্তরপ্রদেশে মামলা দায়ের করেন নৃপেন্দ্র পান্ডে নামে এক আইনজীবী। তার ভিত্তিতে নিম্ন আদালত রাহুলের নামে সমন জারি করে। নিম্ন আদালতের সেই নির্দেশে এলাহাবাদ হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এদিনের শুনানিতে রাহুল গান্ধীর হয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর উদ্দেশে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, আপনার মক্কেল (রাহুল গান্ধী) কি জানেন মহাত্মা গান্ধী তাঁর লেখা চিঠিতে তৎকালীন ভাইসরয়কে ‘আপনার অনুগত সেবক’ বলে সম্বোধন করেছিলেন? শুধুমাত্র সেই কারণে মহাত্মা গান্ধীকেও ‘ব্রিটিশদের ভৃত্য’ বলা যায় নাকি! আমি নথি দেখেছি, সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও প্রধান বিচারপতিকে চিঠি লেখার সময় ‘আপনার সেবক’ বলে সম্বোধন করতেন। আপনার মক্কেল কি জানেন, তাঁর ঠাকুমা প্রধানমন্ত্রী থাকাকালীন একটি চিঠিতে সাভারকরের প্রশংসা করেছিলেন? ভারতের ইতিহাস না জেনে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যা ইচ্ছা বলতে পারেন না। উনি (রাহুল প্রসঙ্গে) যেন স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে দ্বায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকেন।
আদালতে সওয়াল করতে গিয়ে সিংভি এদিন বলেন, উত্তরপ্রদেশে যে মামলা দায়ের হয়েছে তাতে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় উস্কানির অভিযোগ আনা হয়েছে। যদিও তাঁর মন্তব্যের ফলে এমন কোনও ঘটনা ঘটেনি। জবাবে বিচারপতি দত্ত বলেন, একটি রাজনৈতিক দলের নেতা হয়ে তিনি কেন এমন মন্তব্য করবেন? মহারাষ্ট্রে যান, দেখবেন সাভারকরকে পুজো করা হয় সেখানে। এরকম মন্তব্য করবেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ