অমৃতসর: এবছর ভয়াবহ বন্যার সাক্ষী থেকেছে পাঞ্জাব। বেসরকারি সূত্রে দাবি, প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন শতাধিক। ঘরছাড়া অন্তত আড়াই লক্ষ। ১.৯৮ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার। সোমবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং, বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া, অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং আউজলা সহ দলের অন্যান্য নেতারা। এদিন অমৃতসরের অঞ্জলার গোনেওয়াল গ্রামে যান রাহুল। কৃষি জমিতে জল জমে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।



