পাটনা: বারবার ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মন্তব্যকে কখনও সরাসরি খারিজ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই নিয়ে আগেও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। বুধবার সেই আক্রমণকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। বিহারের দ্বারভাঙ্গায় এক জনসভায় তিনি বলেছেন, ‘ভেবে দেখুন আমাদের প্রধানমন্ত্রী কেমন মানুষ? প্রায়ই ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে আস্ফালন করেন। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, অপারেশন সিন্দুরের সময় তিনি মোদিকে ফোন করে চব্বিশ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে বলেন। আর তাতেই মোদির টায়ারের হাওয়া বেরিয়ে গেল। পাঁচ ঘণ্টার মধ্যে সেই নির্দেশ পালন করলেন।’ কংগ্রেস নেতার সাফ ইঙ্গিত, এতেই প্রমাণিত হয় মোদি একজন কাপুরুষ। এই নিয়ে সংসদেও প্রশ্ন করেছিলেন রাহুল। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বললাম তিনি নিজ মুখে বলুন, ট্রাম্প ধাপ্পাবাজ। তিনি এই নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না।’



