রাঁচি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য! তার জেরেই মানহানির মামলা দায়ের হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। ২০১৮ সালের সেই মামলায় অবশেষে স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ। বুধবার ঝাড়খণ্ডের চাইবাসার বিশেষ আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে।
সাত বছর আগে চাইবাসার এক সভায় বক্তৃতা রাখতে গিয়ে অমিত শাহ সম্পর্কে বেফাঁস মন্তব্য করেন রাহুল। তাতে ক্ষুব্ধ হয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করেন প্রতাপ কুমার নামে এক ব্যক্তি। তাঁর দাবি ছিল, রাহুলের মন্তব্য অত্যন্ত অপমানজনক। ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনে প্রতাপ উল্লেখ করেন, ইচ্ছাকৃতভাবে অমিত শাহ তথা তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির মর্যাদাহানি করতে চেয়েছেন কংগ্রেস সাংসদ। মামলাটি প্রথমে রাঁচির এমপি-এমএলএ কোর্টে থাকলেও পরে তা সরিয়ে আনা হয় চাইবাসার বিশেষ আদালতে। মামলায় রাহুলকে একাধিকবার শমন পাঠানো হয়। কিন্তু বারবার হাজিরা এড়ান তিনি। গত ২৬ জুন ফের হাজিরার নির্দেশ পাঠালে হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল। ৬ আগস্ট অবধি সময় চান। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে। বুধবার সকালে চাইবাসার বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আর্জি জানান তিনি। রাহুলের আইনজীবী জানিয়েছেন, শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হয়েছে। আগামী প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যাব।
সম্প্রতি চীনের জমি দখল প্রসঙ্গে মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা হয়েছে। দিন দুয়েক আগে তার শুনানিতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েন কংগ্রেস সাংসদ। সেই মামলা থেকে তিনি এখনও নিষ্কৃতি পাননি। তবে ২০১৮ সালে হওয়া মানহানির মামলায় স্বস্তি পেলেন।