নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম পাঁচটি ম্যাচে চারটিতে হার, জয় একটিতে। যা দেখে অনেকেই মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু খাদের কিনারা থেকে দুরন্ত কামব্যাকে রোহিতরা এখন প্লে-অফের লড়াইয়ে। যা উদ্ধুদ্ধ করছে নাইট রাইডার্স শিবিরকেও। পর পর দুই ম্যাচে হেরে কোণঠাসা হয়ে পড়লেও এত সহজে প্লে-অফের আশা ছাড়তে নারাজ নাইটরা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মঈন আলিকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি এখনও শেষ চারের আশা দেখছেন? জবাবে ইংল্যান্ডের তারকা স্পিন অলরাউন্ডার বলেন, ‘এখনও ছ’টা ম্যাচ বাকি। প্লে-অফে না যাওয়ার কোনও কারণ নেই। মুম্বই ইন্ডিয়ান্স শুরুটা খারাপ করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের দলও সেটা করে দেখানোর ক্ষমতা রাখে। তবে এটা ঠিক, গত দু’টি ম্যাচে ভালো ব্যাট করতে পারিনি আমরা। এই ব্যাপারে অনেক পর্যালোচনা হয়েছে। শুধু তারকা নয়, স্কোয়াডে তরুণ প্রতিভাবান ক্রিকেটারের সংখ্যা কম নয়। সবাই মিলে দলকে টেনে তোলার চেষ্টা করব।’



