পুনে: গত বছর মে মাসে মহারাষ্ট্রের পুনেতে পোরসে গাড়ির বেপরোয়া গতির বলি হয়েছিল দুই তথ্যপ্রযুক্তি কর্মী। তারপর গাড়ির চালককে নানাভাবে আড়ালের চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনা সারা দেশেই তোলপাড় ফেলে দিয়েছিল। এবার জানা গেল, এই মামলায় অভিযুক্তর বিচার হবে নাবালক হিসেবেই। মঙ্গলবার একথা জানিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড। ঘটনার সময় অভিযুক্ত কিশোরের বয়স ছিল ১৭ বছর ৮ মাস। তাই সাবালক হিসেবে তার বিচার হতে পারে না। এদিন পুলিসের আর্জি খারিজ করে এমনই রায় দেয় বোর্ড।
দুর্ঘটনার সময় গাড়িটির চালকের আসনে ছিল ওই কিশোর। গাড়িটির মালিক কিশোরের বাবা তথা রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশাল আগরয়াল। অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল ওই কিশোর। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরেই শুধুমাত্র রচনা লিখিয়ে তাকে জামিন দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় পুনের এক হোমে। ঘটনার তদন্ত শুরু করে পুলিস। কিন্তু সেই তদন্ত প্রভাবিত করার অভিযোগ ওঠে কিশোরের পরিবারের বিরুদ্ধে। রক্তের নমুনা বদল থেকে অন্য চালকের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা- একের পর এক কাণ্ড ঘটিয়ে কিশোরকে বাঁচানোর চেষ্টা চালায় তার পরিবার। চাপের মুখে কিশোরের ঠাকুরদা, বাবা, মা সহ দশজনকে গ্রেপ্তার করে পুলিস। আদালতের কাছে পুলিসের দাবি ছিল, কিশোরকে সাবালক হিসেবে গণ্য করা হোক। তবে সেই আর্জি খারিজ করে জুভেনাইল জাস্টিস বোর্ড জানাল, নাবালক হিসেবেই অভিযুক্তর বিচার চলবে।