নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২ আগস্ট শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। বুথের বাসিন্দারাই একজোট হয়ে ঠিক করবেন, কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। বুধবার জেলাশাসকদের নিয়ে এই কর্মসূচি সংক্রান্ত ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি ক্যাম্পে বিধায়ক, সভাধিপতিদের মতো নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঠিক হবে সেই এলাকার কাজ। থাকবেন বিডিও, জয়েন্ট বিডিও সহ জেলার অন্যান্য আধিকারিকরা। হাতে নেওয়া কাজ ১৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। একটি এলাকায় ১০ লক্ষ টাকার বেশি অর্থ মূল্যের কাজের আবেদন এলে, বাকি অর্থের কাজ হবে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে। শিবিরে আসা ব্যক্তিদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।



