সুকান্ত বসু, কলকাতা: বন্দিদশায় হতাশা যাতে কোনওভাবেই মনকে গ্রাস না করে, তা রুখতে এবার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল আলিপুরের মহিলা সংশোধনাগারের আবাসিকদের। কলকাতা আইনি সহয়তা কেন্দ্রের (লিগ্যাল এইড) উদ্যোগে সম্প্রতি এক কর্মশালায় হাজির ছিলেন বিশিষ্ট মনোবিদরা। সেখানে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের নিয়ে চলে দীর্ঘ সময় ধরে ওই বিশেষ কর্মশালা। সেখানে আলোচনায় উঠে আসে বন্দিদশায় হতাশা কাটাতে বেশি মাত্রায় জরুরি তাঁদেরকে হাতের কাজে আরও বেশি মাত্রায় নিজেদের নিয়োজিত রাখা। তাতে বন্দিদের মধ্যে যেমন হাতাশা কাটবে, অন্যদিকে, তাঁরা আর্থিকভাবেও লাভবান হবেন। কাজের মধ্যে ডুবে থাকলে কীভাবে মন চাঙা ও ভালো রাখা যায়, সেই বিষয়ে নানা তথ্য পেশ করা হয় বন্দিদের মধ্যে ছবি, লেখা ও রেখায়। সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিরা সমস্যা নিরসনে নানা প্রশ্ন তোলেন ওই আলোচনাসভায়। সেখানে মনোবিদরা সেই প্রশ্নের সরাসরি উত্তর দেন। কলকাতা লিগ্যাল এইডের সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ বলেন, আগামী দিনে এই ধরনের কর্মশালা আরও বেশি মাত্রায় করার পরিকল্পনা রয়েছে। উদ্দেশ্য হল বন্দিরা যাতে সুস্থ ও সুন্দর থাকতে পারে। পাশাপাশি এই ধরনের কর্মশালার মাধ্যমে উঠে আসবে বন্দিদের মধ্যে জমে থাকা সুখ দুঃখের কথা। যা প্রতিকার করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হবে।



