


নিজস্ব প্রতিনিধি, বরানগর: দক্ষিণেশ্বরের বস্তিতে উচ্ছেদ চালাতে এসে ফের খালি হাতে ফিরতে হল রেল কর্তৃপক্ষকে। শুক্রবার সকালে রেল পুলিসের বড় বাহিনী নিয়ে রেলের আধিকারিক ও কর্মীরা এলেও এলাকাবাসীর বিক্ষোভের মুখে পিছু হটলেন তাঁরা। এদিন বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুনর্বাসন ছাড়া কয়েক হাজার মানুষকে উচ্ছেদের চেষ্টা হলে প্রতিরোধ হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া রেলের জমিতে বস্তি রয়েছে। সেখানে প্রায় সাড়ে চারশো পরিবার থাকে। প্রায় দু’হাজার মানুষের বসবাস। মাঝেমধ্যে রেল কর্তৃপক্ষ ওই জায়গায় উচ্ছেদ অভিযানের নোটিস দেয়। কিন্তু নির্ধারিত দিনে বস্তিবাসীদের বিক্ষোভের মুখে তারা ফিরে যায়। এর আগে আটবার নোটিস দিয়ে উচ্ছেদ করতে এলেও প্রতিরোধের মুখে ব্যর্থ হয় রেল কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে ফের নোটিস দিয়ে তারা উচ্ছেদ অভিযানের দিনক্ষন জানিয়েছিল। এদিন সকাল থেকে বস্তিবাসীও প্রস্তুত ছিলেন। রেল আধিকারিক ও আরপিএফের কর্মরা বস্তির ভিতরে ঢোকার চেষ্টা করলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। ওই বিক্ষোভের মুখে পিছু হটে কর্তৃপক্ষ। এদিন বিক্ষোভে নেতৃত্ব দেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা কামারহাটি পুরসভার সিআইসি সদস্য অরিন্দম ভৌমিক। তিনি বলেন, সাড়ে চারশো পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। তাঁরা এখানে ৬০-৭০ বছর ধরে বসবাস করছেন। থাকার জায়গা চলে গেলে তাঁরা বুলডোজারের নীচে মাথা দিতেও প্রস্তুত। -নিজস্ব চিত্র