Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার নির্দেশে বিক্ষোভ প্রদর্শন

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। এই অবকাশে বিমান ভাড়া অত্যধিক করে দেওয়ার অভিযোগ ওঠে একাধিক বিমান সংস্থার বিরুদ্ধে।

মমতার নির্দেশে বিক্ষোভ প্রদর্শন
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। এই অবকাশে বিমান ভাড়া অত্যধিক করে দেওয়ার অভিযোগ ওঠে একাধিক বিমান সংস্থার বিরুদ্ধে। ওই সম্পর্কে বিস্তারিত তথ্য আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে বুধবার বিকেলে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই তিনি অভিযোগ করেন, বাগডোগরা থেকে কলকাতা ফেরার বিমান ভাড়া ১৮ হাজার টাকা করে দিয়েছে কোনও কোনও বিমান সংস্থা। এই অত্যধিক বিমান ভাড়ার বিরুদ্ধে বিমানবন্দরে তৃণমূলের কর্মী ইউনিয়নকে আন্দোলনে নামার নির্দেশ দেন মমতা। নেত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার পরিষেবা অক্ষুণ্ণ রেখেই বিমানবন্দরের একটি দিকে বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠন। ভাড়া অবিলম্বে কমানোর দাবি জানানো হয়। বিমানবন্দরের তৃণমূলের কর্মী ইউনিয়নও ভাড়া কমানোর দাবি তোলে। বিক্ষোভ প্রদর্শনের পর বিমানবন্দর অধিকর্তার সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন তৃণমূলে শ্রমিক সংগঠনের নেতারা। হরিন্দর সিং, বরুণ নট্টরা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক দৃষ্টিভঙ্গিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিমান সংস্থাগুলির কর্তব্য। সেখানে সংস্থাগুলি যদি ব্যবসাকে অগ্রাধিকার দেয়, সেটা কাম্য নয়। বিমানবন্দর অধিকর্তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা তুলে ধরেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা। বরুণ নট্ট বলেন, অবিলম্বে বিমান ভাড়া কমানোর দাবি আমরা এয়ারপোর্ট ডিরেক্টরের কাছে রাখি। তারপরই অধিকর্তা একাধিক বিমান সংস্থাকে ফোন করে গোটা বিষয়টি জানিয়েছেন। প্রসঙ্গত, কোনও কোনও এয়ারলাইন্স বিমান ভাড়া এক ধাক্কায় পাঁচ হাজার টাকা কমিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ