


নিজস্ব প্রতিনিধি কলকাতা: আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের বারবার নোটিস দিচ্ছে পুলিস। আন্দোলনরত চাকরিহারাদের বিরুদ্ধে বিকাশ ভবন ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
তারপরও বিধাননগর উত্তর থানার তরফে একের পর এক নোটিস পাঠানো হচ্ছে বলে হাইকোর্টে অভিযোগ জানানো হল। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, যিনি বা যাঁরা এমন নোটিস পেয়েছেন, তাঁরা তা খারিজের জন্য আবেদন করতে পারবেন। পৃথক পৃথকভাবে নিজেরা আবেদন করতে পারেন অথবা তাঁরা সকলে একসঙ্গে কোনও আইনজীবীকে দিয়েও এই আবেদন করতে পারবেন।
দুই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা ঘোষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারীদের আইনজীবী রাজদীপ মজুমদার এই ইস্যুতে দায়ের হওয়া মূল এফআইআর খারিজের দাবি জানান। যদিও এদিন কোর্ট জানিয়ে দেয়, নোটিস নিয়ে আবেদনের শুনানি করার পর বিষয়টি বিবেচনা করা হবে।