Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

বাঘেল-পুত্রের গ্রেপ্তারি নিয়ে বিজেপিকে নিশানা প্রিয়াঙ্কার

আবগারি দুর্নীতি মামলায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বাঘেল-পুত্রের গ্রেপ্তারি নিয়ে বিজেপিকে নিশানা প্রিয়াঙ্কার
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই ঘটনায় ফের একবার বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার তিনি অভিযোগ করেন, মোদির ঘনিষ্ঠ শিল্পপতির সংস্থার প্রকল্পের জন্য বনাঞ্চল কেটে ফেলার বিষয়টি নিয়ে বাঘেল বিধানসভায় সরব হতে যাচ্ছিলেন। তার জন্যই চৈতন্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার চৈতন্যের জন্মদিনেই তাঁর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। ঘণ্টাখানেক তল্লাশির পর তাঁকে গ্রেপ্তার করা হয়। চৈতন্যকে আদালতে তোলা হলে পাঁচদিনের জন্য ইডি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রিয়াঙ্কা এদিন এক্স হ্যান্ডলে লেখেন, বিজেপি সরকার ছত্তিশগড়ের সব বনাঞ্চল ওই শিল্পপতির হাতে তুলে দিয়েছে। পরিবেশ আদালতের নির্দেশিকা, পরিবেশ আইন-সমস্ত কিছু ভেঙে সেই বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিষয়টি বিধানসভায় আলোচনা করতে যাচ্ছিলেন। তাঁকে থামাতেই ইডি সকালেই তল্লাশি চালিয়ে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে। প্রিয়াঙ্কা আরও লিখেছেন, গত ১১ বছরে সারা দেশ বুঝে গিয়েছে কীভাবে সাধারণ মানুষ ও বিরোধীদের দমন ও কণ্ঠরোধ করা হচ্ছে। তবে এই নীতি ব্যবহার করে সত্যিকে চেপে রাখা ও বিরোধীদের ভয় দেখানো সম্ভব নয় বলেও দাবি করেছেন প্রিয়াঙ্কা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ