Bartaman Logo
৩ জুন, ২০২৬

প্রথমবার সাংসদ হয়েই লোধি রোডে বাংলো পেলেন প্রিয়াঙ্কা, তৃণমূলের ইউসুফ ব্রাত্যই

স্রেফ দলীয় অফিসের জন্য জমি বা বাড়িই নয়। দিল্লিতে সাংসদদের সরকারি বাড়ি বা বাংলো পাওয়ার ক্ষেত্রেও তৃণমূলকে চটির সুখতলা খোয়াতে হচ্ছে।

প্রথমবার সাংসদ হয়েই লোধি রোডে বাংলো পেলেন প্রিয়াঙ্কা, তৃণমূলের ইউসুফ ব্রাত্যই
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: স্রেফ দলীয় অফিসের জন্য জমি বা বাড়িই নয়। দিল্লিতে সাংসদদের সরকারি বাড়ি বা বাংলো পাওয়ার ক্ষেত্রেও তৃণমূলকে চটির সুখতলা খোয়াতে হচ্ছে। অথচ বিজেপির নতুন সাংসদের ক্ষেত্রে চিত্র ভিন্ন। প্রথমবারের সাংসদ হয়েই মিলছে বাংলো। নতুন ফ্ল্যাট। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। সংসদে চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল হয়েও দিল্লিতে দলীয় অফিসের জন্য তৃণমূলকে কোনও বাড়ি বা জমি দেয়নি মোদি সরকার। দীনদয়াল উপাধ্যায় মার্গে একটি জমি যা দেখানো হয়েছিল, সেটিতে রয়েছে মন্দির, দোকান। তাদের উচ্ছেদ করে দলের অফিস বানাতে চায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

Advertisement

দাদার ছেড়ে যাওয়া কেন্দ্র কেরলের ওয়েনাড়ে উপনির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাতেই পেয়ে গিয়েছেন বাংলো। তাঁর জন্য বরাদ্দ হয়েছে লুটিয়েন্স দিল্লি লোধি এস্টেটের বাংলো নম্বার ৮১। টাইপ সিক্স-বি’র এই বাংলোয় রয়েছে চারটি বিশাল বেডরুম। এছাড়া ড্রয়িং, ডাইনিং, কিচেন, সামনে লন। বাংলোটি আগে শারদ পাওয়ারের দল এনসিপির অফিস ছিল। সেটিই এখন প্রিয়াঙ্কার জন্য তৈরি হচ্ছে। চলছে সংস্কারের কাজ। নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ তৈরি হতে এখনও প্রায় তিন মাস লাগবে। 
সেখানে গিয়ে দেখা গেল, বাংলোর মূল গেট বন্ধ করে তুলে দেওয়া হয়েছে ইটের পাঁচিল। বাস্তু মেনে। পাশে একটি নতুন ফটক করা হয়েছে। লোহার। বাইরে থেকে ভিতরে কিছুই দেখা যাবে না। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রথমবারের সাংসদ হলেও প্রিয়াঙ্কাকে বাংলো বরাদ্দ করার পিছনে নিরাপত্তার ইস্যু বলেই জানিয়েছেন লোকসভার হাউস কমিটির চেয়ারম্যান বিজেপির সাংসদ মহেন্দ্র শর্মা। 
বলেন, ‘ওঁর নিরাপত্তার প্রশ্ন রয়েছে। তাই বাংলো।’ সংস্কারের কাজ হলেও পাহারা দিতে দেখা গেল সিআইএসএফ জওয়ানকে। আগে এই এলাকাতেই ৩৫ লোধি এস্টেটে থাকতেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা। ১৯৯৭ সাল থেকে। মোদি সরকার ২০২০ সালে তাঁকে ওই বাংলো থেকে সরিয়ে দেয়। প্রত্যাহারও করে নেওয়া হয় প্রিয়াঙ্কার এসপিজি নিরাপত্তা। এখন সেই পুরনো পাড়াতেই ফিরছেন প্রিয়াঙ্কা। সোনিয়া-কন্যা এখন থাকেন ১০ জনপথে মায়ের সঙ্গেই। 
প্রাক্তন মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি পেয়েছেন তালকাটোরা রোডের বাংলো। তিনিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কন্যা। নিরাপত্তার ইস্যু রয়েছে। তাই প্রথমবার সাংসদ হলেও পেয়েছেন বাংলো। তৃণমূলের বহরমপুরের সাংসদ প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান চেয়েও বাংলো পাচ্ছেন না। ছ’ মাসের বেশি একবার নগরোন্নয়ন মন্ত্রক, একবার হাউস কমিটি, একবার স্পিকার অফিস করছেন। শাহজাহান রোডে একটি ছোট দোতলা বাংলো দেওয়া হবে বলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়। সেটি পেয়ে যান বিজেপির এক সাংসদ। ফিরোজ শাহ রোডে যে বাংলো বরাদ্দ হয়, সেটিতে বৃষ্টি হলেই ঘরে জলে ভর্তি। তাই বাদ। ফলে বাংলো হচ্ছে না ইউসুফের।

সম্পর্কিত সংবাদ