Bartaman Logo
৯ জুন, ২০২৬

সাড়ে চার কোটি হাতিয়ে ধৃত বেসরকারি ব্যাঙ্কের অফিসার

গ্রাহকদের টাকা হাতিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করলেন স্বয়ং ব্যাঙ্ক অফিসার। রাজস্থানের কোটার একটি বেসরকারি ব্যাঙ্কের ঘটনা।

সাড়ে চার কোটি হাতিয়ে ধৃত বেসরকারি ব্যাঙ্কের অফিসার
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোটা:  গ্রাহকদের টাকা হাতিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করলেন স্বয়ং ব্যাঙ্ক অফিসার। রাজস্থানের কোটার একটি বেসরকারি ব্যাঙ্কের ঘটনা। সেখানে ‘রিলেশনশিপ ম্যানেজার’ হিসেবে কর্মরত ছিলেন অভিযুক্ত সাক্ষী গুপ্তা। তাঁর বিরুদ্ধে ব্যাঙ্কের ৪১ জন গ্রাহকের ১১০টি অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সেই টাকা তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করে দেন। অবশেষে জালিয়াতির পর্দা ফাঁস হয়। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement

কীভাবে ধরা পড়ল সাক্ষীর জালিয়াতি? পুলিস জানিয়েছে, ২০২০-২০২৩ সালের মধ্যে ঘটনাটি ঘটেছে। তদন্তে দেখা গিয়েছে, গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের মোট ৪ কোটি ৫৮ লক্ষ টাকা তুলে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন সাক্ষী। গ্রাহকরা যাতে বুঝতে না পারেন সেজন্য তাঁদের ফোন নম্বরও বদলে দিয়েছিলেন। টাকা তোলার বিষয়টি গ্রাহকরা বুঝতেও পারতেন না। এদিকে শেয়ার বাজারে ক্ষতি হওয়ায় টাকা আর অ্যাকাউন্টে ফেরত দিতে পারেননি সাক্ষী। 
গত ফেব্রুয়ারি মাসে এক গ্রাহক তাঁর ফিক্সড ডিপোজিট সম্পর্কে খোঁজখবর নিতে ব্যাঙ্কে যান। তখনই ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে। গত ১৮ ফেব্রুয়ারি সাক্ষীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বোনের বিয়ের অনুষ্ঠান থেকে সাক্ষীকে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ