সংবাদদাতা, কল্যাণী: আজ, বুধবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস), কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর এই সফর ঘিরে এখন এইমসে সাজ সাজ রব। দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে পৌছবেন উত্তর ২৪ পরগনায় কাঁপায় আর্মি ক্যাম্পের হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে বেলা ৩টের সময় তাঁর এইমসে পৌঁছনোর কথা। এইমসের নিজস্ব অডিটোরিয়ামে হবে সমাবর্তন অনুষ্ঠান। প্রশাসনের তরফে মঙ্গলবার থেকেই কল্যাণীতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এসপিজি, কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিসের প্রায় ৮৫০ কর্মী মোতায়েন থাকবে এইমস চত্বরে। অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা। থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী।



