ভোপাল: বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরতে গিয়ে সেমসাইড গোল! বেঁফাস মন্তব্যের জেরে বিপাকে মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটওয়ারি। রাজ্যের মহিলাদের মদ্যপানের অভ্যাস নিয়ে মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন জিতু। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, দেশের যে কোনও রাজ্যের থেকে মধ্যপ্রদেশের মহিলারা বেশি মদ্যপান করেন। তাঁর মতে, মধ্যপ্রদেশকে একসময় উন্নয়নের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরা হতো। সেই রাজ্য এখন মাদকাসক্তির অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তিনি মদ ও মাদক রুখতে রাজ্যের বিজেপি সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। তাঁর কথায়, ‘আমাদের মা-বোনেরা মাদকাসক্ত হয়ে পড়ছেন। লাডলি বেহনা প্রকল্পের নামে বিজেপি ভোট চায়। তবে তারা কখনও মহিলাদের মাদকাসক্তি থেকে মুক্তির কোনও ব্যবস্থা করেনি।’



