


পনির পোস্ত
উপকরণ : পনির ১৫০ গ্রাম (কিউব করে কাটা), পোস্ত বাটা ৩ টেবিল চামচ, টক দই ১ টেবিল চামচ, কাজুবাটা ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা আদা বাটা ১ টেবিল চামচ, ১ চিমটে হলুদ, জিরে গুঁড়ো চামচ, ১ চামচ চিনি, নুন স্বাদ মতো, ১ টেবিল চামচ সাদা তেল।
প্রণালী: প্রথমে কড়াইতে সাদা তেল দিন। তেল গরম হলে কাঁচালঙ্কা, আদা বাটা দিন। সঙ্গে হলুদ এবং নুন দিতে হবে। একটি বাটিতে টক দই, জিরে গুঁড়ো, চিনি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কড়াইতে তা ঢেলে দিন। একটু ফুটে উঠলে পনির দিতে হবে। গা মাখা করে নামিয়ে নিতে হবে।
পোস্ত ভাপা মৌরলা
উপকরণ : ছোট মৌরলা মাছ ১৫০ গ্রাম, কাঁচা লঙ্কা পোস্ত বাটা ৩ টেবিল চামচ, সর্ষে বাটা ১ চামচ, টক দই ১ টেবিল চামচ, সামান্য চিনি ,স্বাদমতো লবণ, সর্ষের তেল তিন টেবিল চামচ, গোটা কাঁচালঙ্কা সাজানোর জন্য ।
প্রণালী: সব উপকরণ একটি বাটিতে নিয়ে তা বেশ ভালো করে মিশিয়ে নিন। যেন ডেলা না থাকে। এবার একটি টিফিন বক্সে এই মিশ্রণ দিয়ে উপরে সর্ষের তেল এবং কাঁচালঙ্কা দিয়ে সাজিয়ে নিন। কড়াইতে জল দিয়ে তাতে বাক্সটি বসিয়ে ১০ থেকে ১৫ মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিতে হবে। তাতেই তৈরি হবে পোস্ত ভাপা মৌরলা।
পেঁয়াজ পোস্ত
উপকরণ: বড় পেঁয়াজ ২টি (স্লাইস করে কাটা), চেরা কাঁচালঙ্কা ২ থেকে ৩টি, কাঁচা লঙ্কা ও পোস্ত বাটা ১ টেবিল চামচ, সর্ষের তেল ১ চামচ, সামান্য কালো জিরা।
প্রণালী : প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে কাঁচা লঙ্কা, পোস্ত বাটা দিয়ে নেড়ে নিন। নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজ নরম হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি পেঁয়াজ পোস্ত।
পোস্তর বড়া
উপকরণ: পোস্ত বাটা ১০০ গ্রাম, গোটা পোস্ত ২ টেবিল চামচ, আলু সেদ্ধ কাপ, কাঁচালঙ্কা কুচি ১ চামচ, কাঁচা পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, নুন স্বাদ মতো, হালকা করে ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল।
প্রণালী : একটি পাত্রে গোটা পোস্ত ও সর্ষের তেল বাদে সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে ভালো করে তা মেখে নিতে হবে। এরপর তা থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। চ্যাপ্টা করে টিকিয়ার আকারে তা গড়ে নিন। তাতে গোটা পোস্ত ছড়িয়ে তা হালকা হাতে এপিঠ ওপিঠ করে ভাজলেই তৈরি হয়ে যাবে পোস্তর বড়া।
ডিম পোস্ত ভাপা
উপকরণ : সেদ্ধ ডিম ৪টে, পোস্ত কাঁচালঙ্কা বাটা ৫ টেবিল চামচ, নারকেল বাটা ১ টেবিল চামচ, টক দই ১ টেবিল চামচ, চিনি ১ চামচ, স্বাদমতো নুন, সর্ষের তেল প্রয়োজন মতো।
প্রণালী : একটি পাত্রে ডিম বাদে সমস্ত উপকরণ ভালো করে মিলিয়ে নিন। গোটা ডিমে এই মিশ্রণ মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম পোস্ত ভাপা।
সুচরিতা পাল