সংবাদদাতা, বসিরহাট: রাস্তা না বলে কাদার ডোবা বলাই ভালো। হাঁটতে গিয়ে হাটু পর্যন্ত ডুবে যাচ্ছে কাদাজলে। হাসপাতালে রোগী নিয়ে যেতে তাই ভরসা দোলা। এমন পরিস্থিতি হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি পঞ্চায়েতের ১০৯ নম্বর বুথ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির সংস্কার নিয়ে আমরা একাধিকবার পঞ্চায়েত ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে দরবার করেছি। কোনও কাজ হয়নি। তাই বৃষ্টির সময়ে স্থানীয় বাসিন্দাদের প্রায়ই হাঁটুজল, কাদা পেরিয়ে যাতায়াত করতে হয়। সমস্যা বৃদ্ধি পায় কেউ অসুস্থ হলে। এই রাস্তায় কোনও গাড়ি যাতায়াত করতে পারে না। বাধ্য হয়ে অসুস্থ রোগীকে দোলায় করে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম গাজি বলেন, এলাকাবাসীদের পক্ষ থেকে বহুবার পঞ্চায়েতের স্থানীয় নেতাদের বলা হয়েছে। কিন্তু রাস্তা মেরামতি করা হয়নি। আমরা চাই দ্রুত রাস্তাটি মেরামতি করে দিক সরকার। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছে।



