নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিনের পর দিন লাগাতার ৩০০ পার করছে দিল্লির সার্বিক এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মান। এলাকাভিত্তিতে তা কখনও ছাড়িয়ে যাচ্ছে সাড়ে ৩০০, কখনও ৪০০য়েরও বেশি। এটি যদি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) সরকারি তথ্য হয়, তাহলে বেসরকারি হিসেবে দিল্লিতে দূষণ পরিমাপক একিউআই ছাড়িয়ে গিয়েছে ৬০০য়ের মান। গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডার মতো এনসিআর শহরগুলিতে বেসরকারি হিসেবে একিউআইয়ের মান প্রায় এক হাজার ছুঁইছুঁই। অর্থাৎ, সরকারি হিসেব হোক কিংবা বেসরকারি। দিল্লি এবং লাগোয়া এনসিআর এলাকাগুলিতে দূষণ পরিস্থিতি ক্রমশই অতি খারাপ থেকে বিপজ্জনকের দিকে যাচ্ছে। শস্যের আগাছা পোড়ানোর ঘটনা কমাতে হরিয়ানা এবং পাঞ্জাব সরকার কী পদক্ষেপ করেছে, তার অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল পরিবেশ মন্ত্রক। শনিবার এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মন্ত্রকের আওতাধীন কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম)।



