নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ-খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর করেছে বারাসত জেলা আদালত। বুধবার জামিন মঞ্জুর হতেই শোরগোল সৃষ্টি হয়। সূত্রের খবর, আগাম জামিনে পুলিশি তদন্তই কার্যত কাঠগড়ায় উঠেছে। বিডিওর আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, প্রশান্ত বর্মন একজন দায়িত্বশীল সরকারি আধিকারিক। তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। ঘটনার দিন বিডিও জলপাইগুড়ি জেলায় ছিলেন। আদালতের কাছে তাঁদের যুক্তি, পুলিশ প্রশান্ত বর্মনকে জেরা এবং গ্রেপ্তারেরও চেষ্টা করেনি! এরপর আরও যুক্তিসহ দাবি করা হয়েছে, এই মামলার তদন্তের উদ্দেশ্যে তাঁকে আটকে রাখার প্রয়োজন নেই! দায়িত্বশীল সরকারি আধিকারিক হওয়ায় তদন্তের ক্ষেত্রে তিনি যথাযথ সহযোগিতাও করবেন।



