পোর্ট লুইস: বিশ্ব রাজনীতিতে ক্রমশ প্রভাব বিস্তার করছে চীন। এই পরিস্থিতিতে ‘গ্লোবাল সাউথ’ (তৃতীয় বিশ্ব)-এর নিরাপত্তা ও উন্নয়নের হয়ে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে মরিশাস সফরে গিয়েছেন তিনি। বুধবার মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষর করেন মোদি। সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করবে দুই দেশ। পরে মোদি জানান, গ্লোবাল সাউথের নিরাপত্তা উন্নয়নের জন্য নিয়ে ভারত নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। নতুন দৃষ্টিভঙ্গিকে ‘মহাসাগর’ বলে আখ্যা দিয়েছেন তিনি। এর সম্পূর্ণ অর্থ ‘মিউচুয়াল অ্যান্ড হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রোস রিজিয়ন্স’। মরিশাসকে ভারতের গুরুত্বপূর্ণ সঙ্গী বলেও ঘোষণা করেছেন মোদি। এদিনই প্রধানমন্ত্রী তাঁর মরিশাস সফর শেষ করে দিল্লি রওনা দেন।



