


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রদেশে ৫০ হাজার থেকে আড়াই হাজার। হরিয়ানায় তিন বছরে একটিও নয়। গত বছর মাত্র ৬০টি। বিহারে সাড়ে ৭০০ থেকে আড়াইশো। রাজস্থানে প্রায় আড়াই হাজার থেকে সাড়ে ৪০০। বিজেপি শাসিত একাধিক রাজ্যে ‘পিএম পোষণ’ কর্মসূচিতে ঠিকমতো সোশ্যাল অডিটই হয়নি। বরং ক্রমাগত কমেছে সেই সংখ্যা। এমনটা জানা যাচ্ছে খোদ কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান থেকেই। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টিকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। একইসঙ্গে প্রশ্ন উঠছে, মিড ডে মিল নিয়ে তাহলে কি দেশের ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে বড়োসড়ো দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এবিষয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
২০২৬-২৭ আর্থিক বছরের সাধারণ বাজেটে পিএম পোষণ অথবা মিড মে মিল কর্মসূচিতে অর্থ বরাদ্দের পরিমাণ লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৬-২৭ আর্থিক বছরে পিএম পোষণ কর্মসূচি খাতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১২ হাজার ৭৫০ কোটি টাকা। ২০২৫-২৬ আর্থিক বছরে এই খাতে সংশোধিত বাজেট বরাদ্দের পরিমাণ ছিল ১০ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ, সংশ্লিষ্ট কর্মসূচিতে বাজেট বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২ হাজার ১৫০ কোটি টাকা। কিন্তু যেভাবে দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পিএম পোষণ স্কিমে সোশ্যাল অডিট ঠিকমতো না হওয়ার রিপোর্ট সামনে এসেছে, তাতে বাজেটে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার আদৌ হচ্ছে কি না, তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে। উল্লেখ্য, পিএম পোষণ স্কিমের নিয়ম অনুসারে প্রত্যেক জেলার অন্তত ২০টি বিদ্যালয়ে এসংক্রান্ত সোশ্যাল অডিট করতেই হয়। অথবা সংশ্লিষ্ট জেলার মোট স্কুলের দু’শতাংশ বিদ্যালয়ে তা করতে হয়। যে সংখ্যা বেশি, সেটাই মানতে হয়। কেন্দ্রীয় সরকারি কর্মসূচির নির্দেশিকা মেনে জেলায় জেলায় সোশ্যাল অডিটের দায়িত্বে থাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি। আর এখানেই তৈরি হয়েছে জল্পনা। শিক্ষামন্ত্রকের প্রতিবেদনে ২০২০-২১ আর্থিক বছর থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত সোশ্যাল অডিটের হিসাব দেওয়া হয়েছে। তবে করোনা মহামারির কারণে ২০২০-২১
আর্থিক বছরে সারা দেশের কোনো রাজ্যেই সোশ্যাল অডিট করা যায়নি।
শিক্ষামন্ত্রকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মোট ৫০ হাজার ৪৬২টি সোশ্যাল অডিট হয়েছে পিএম পোষণ স্কিমে। ২০২৪-২৫ অর্থবর্ষে তা একধাক্কায় কমে হয়েছে মাত্র ২ হাজার ৬০০। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় কোনো স্কুলেই পিএম পোষণের সোশ্যাল অডিট হয়নি। ২০২৪-২৫ আর্থিক বছরে তা হয়েছে মাত্র ৬০। অসমে ২০২২-২৩ আর্থিক বছরে ১ হাজার ৫টি থেকে কমে হয়েছে ৯৩২। বিহারে ২০২৩-২৪ আর্থিক বছরে সোশ্যাল অডিটের সংখ্যা ছিল ৭৫৩। ২০২৪-২৫ অর্থবর্ষে তা কমে হয়েছে ৫৫৩। যদিও পশ্চিমবঙ্গে একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে পিএম পোষণ স্কিমে সোশ্যাল অডিটের সংখ্যা। ২০২২-২৩ অর্থবর্ষে ৪০০ থেকে ২০২৪-২৫ আর্থিক বছরে তা হয়েছে ৫ হাজার ৪৪১। অর্থাৎ, প্রায় ১৪ গুণ বৃদ্ধি!