নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে টিএমসিপি ইউনিটের দাবি মেনে আর্টস ফ্যাকাল্টির পিএইচডি ভরতির বিজ্ঞপ্তি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদন জানাতে এবং টাকা জমা দিতে পারবেন। ১৭ ডিসেম্বর টাকা জমা দেওয়ার রিসিট এবং অন্যান্য নথি জমা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন আগ্রহীরা। প্রায় দুবছর ধরে আর্টস ফ্যাকাল্টিতে পিএইচডি অ্যাডমিশন না-হওয়ায়, নবনিযুক্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে সম্প্রতি স্মারকলিপি জমা দেয় টিএমসিপি। তখনই দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেন তিনি।



