নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আর্থিক দুর্নীতির মামলায় শুক্রবারও কোর্টে গরহাজির ছিলেন আখতার আলি। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত এতে চরম উষ্মা প্রকাশ করে। অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই নির্দেশ কার্যকর করতেই বলা হয়েছে সিবিআইকে। চলতি সপ্তাহেই আখতার আলির আগাম জামিনের আরজি নাকচ করে হাইকোর্ট। তারপরই এদিন আলিপুর আদালতে এই মামলার শুনানিতে গরহাজির তিনি। এতে উষ্মা প্রকাশসহ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। যদিও আখতার আলির আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ এবং তিনি হাসপাতালে ভরতি রয়েছেন। তাই তিনি হাজিরা দিতে পারছেন না। তবে সিবিআইয়ের অভিযোগ, আখতার আলি অসুস্থতার দোয়াই দিয়েই কোর্টে গরহাজির! উভয় পক্ষের বক্তব্য শোনার পরই বিচারক ওই পরোয়ানা জারির নির্দেশ দেন।



