পাটনা: ভারতের ক্রাইম ক্যাপিটাল পাটনা। ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকারের হত্যাকে সামনে রেখে এমনই কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার দাবি, বিহার এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাহুল লিখেছেন, ‘প্রতিটা খুন, প্রতিটা ডাকাতি, প্রতিটা বুলেট পরিবর্তনের কথা বলছে। সময় এসেছে নতুন বিহার গড়ার। যার অঙ্গীকার হবে প্রগতি, ভয় নয়।’ জনতার উদ্দেশে তাঁর আবেদন, বিহারকে বাঁচানোর জন্য ভোট দিন। প্রসঙ্গত, বিহারে নির্বাচন যত এগিয়ে আসছে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। নীতীশ কুমারের সরকারকে বিঁধছেন রাহুল সহ অন্যান্য বিরোধী দলের নেতা। রাহুলের সুরেই বিহার সরকারের দিকে আঙুল তুলেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। পরিসংখ্যান দেখিয়ে তাঁর দাবি, বিগত কয়েক দশকে এনডিএ সরকারের আমলে বিহারে ৬৫ হাজারেরও বেশি খুন হয়েছে। যা সম্পূর্ণভাবে সরকারের গাফিলতি বলেই অভিযোগ তেজস্বীর। এ প্রসঙ্গে নীতীশ কুমারকে সরাসরি জবাব দেওয়ার চ্যালেঞ্জও জানিয়েছেন আরজেডি নেতা। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, ‘আইনশৃঙ্খলার জন্য রাজ্য সরকারকে জবাব দিতেই হবে।’



