দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: শৌচালয়ের কাছে সিট। দুর্গন্ধে টেকা দায়। মিডল বার্থে বুকিং হয়েছে। অর্থাৎ, দিনেদুপুরে যে নিজের আসনে শুয়ে বসে যাবেন, তার উপায় নেই। রাতে নির্দিষ্ট সময়ের আগে মিডল বার্থ ব্যবহারই করতে পারবেন না। দূরপাল্লার ট্রেন যাত্রায় এমন হাজারো সমস্যায় ভুগতে হয় যাত্রীদের। এবার এহেন সমস্যার সুরাহায় উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক। রেলের শীর্ষ সূত্রে খবর, বিমানের ধাঁচেই ট্রেনেও টিকিট বুকিংয়ের সময় পছন্দমতো আসন বেছে নিতে পারবেন যাত্রীরা। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই নয়া ব্যবস্থা কার্যকরের পথে হাঁটতে চলেছে রেল বোর্ড।
এর ফলে অবশ্য কিছুটা আশঙ্কাও তৈরি হয়েছে যাত্রী মহলে। বিমানে পছন্দসই আসন বেছে নেওয়ার জন্য অনেক সময়ই বাড়তি কড়ি গুণতে হয়। রেল যাত্রীদের একটি বড় অংশ প্রশ্ন তুলছে, রাজস্ব আদায় বৃদ্ধি করতে ট্রেনেও কি তাহলে একই পদক্ষেপ করতে চলেছে মোদি সরকার? মঙ্গলবার থেকেই শর্তসাপেক্ষে রেলের ভাড়া বৃদ্ধি করেছে কেন্দ্র। এবার যদি পছন্দমতো আসন বেছে নেওয়ার ফিকির তুলে ফের অতিরিক্ত টাকা দিতে একপ্রকার বাধ্য করা হয়, তাহলে আরও সমস্যায় পড়তে হবে
সাধারণ মানুষকে। এই ব্যাপারে অবশ্য আনুষ্ঠানিকভাবে রেলমন্ত্রকের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
রেল বোর্ডের আধিকারিকদের একটি অংশের দাবি, রেল কখনওই যাত্রীদের পকেটে বাড়তি চাপ দেওয়ার কথা চিন্তা করে না। যাত্রী ভাড়াও সামান্যই বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে যদি নতুন কোনও পরিষেবা চালু করা হয়, তাহলেও যাত্রীরা যাতে আর্থিকভাবে বেকায়দায় না পড়েন, তা দেখা হবে। কারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কথা মাথায় রেখেই ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে মোদি সরকার।
সম্প্রতি রেলের সংরক্ষিত শ্রেণির যাত্রী তালিকা প্রকাশ থেকে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের প্রযুক্তিগত মানোন্নয়নের মতো একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাতেই বিমানের ধাঁচে ট্রেনের আসন বেছে নেওয়ার মতো পরিষেবা চালুর পরিকল্পনা হয়েছে। অন্যদিকে, রেলের প্রথম সংরক্ষিত যাত্রী তালিকা প্রকাশ নিয়ে বুধবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করেছে বোর্ড। ভোর পাঁচটা থেকে বেলা দুটোর মধ্যে যে দূরপাল্লার ট্রেন ছাড়বে, সেগুলোর ফার্স্ট রিজার্ভেশন চার্ট আগের রাত ৯টার মধ্যে প্রকাশ করে দেওয়া হবে। বেলা ২টোর পর এবং ভোর ৫টার আগে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির তালিকা ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে প্রকাশিত হবে। বর্তমানে তা চার ঘণ্টা আগে প্রকাশিত হয়।