


সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: সংগঠনের বেহাল দশা। বিহারে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। তাতে কী! রাহুল গান্ধী গায়েব। দিল্লিতে নেই বোন প্রিয়াঙ্কাও। গত ৯ নভেম্বর প্রচার শেষে ১২ তারিখেই বিদেশে পাড়ি। দাদা-বোন ছুটি কাটাচ্ছেন স্কটল্যান্ডে। এআইসিসির অত্যন্ত বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গিয়েছে। তাই শুক্রবার বিহার ভোটের ফলাফল তো ছাড়, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনের অনুষ্ঠানে পর্যন্ত গরহাজির রাহুল-প্রিয়াঙ্কা। ‘এক্স’ হ্যান্ডেলে টুইটেই শ্রদ্ধার দায় সেরেছেন। অথচ এই বয়সেও দিল্লির দূষণ উপেক্ষা করে শান্তিবনে নেহরুর স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সামাল দিলেন মা সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
রাহুলের এই আচরণে দলের অন্দরে রয়েছে ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা বলছেন, ‘ভোট মিটতেই বিদেশ। এভাবে দল চলে?’ যদিও বিহার হারের মুখরক্ষায় পবন খেরাই হন বা দলের পর্যবেক্ষকের দায়িত্বে থাকা অধীরঞ্জন চৌধুরী বলছেন, ‘এ লড়াই তো হারারই ছিল। রাহুল গান্ধী তো কবেই বলে দিয়েছেন, অব কি বার ভোট চুরির সরকার। একদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কারসাজি, অন্যদিকে রাজ্য সরকারের কোষাগার উজাড় করে নীতীশ কুমারের ভোট কেনা। এক কোটি ২১ লক্ষ পরিবারের মহিলাদের ১০ হাজার টাকা করে ধার। ৪০ লক্ষ আইসিডিএস কর্মীর বেতন বৃদ্ধি। সরকারি অর্থে দান খয়রাতি করে ভোট কেনা চলেছে। অসম এই লডাইয়ে পাল্লা দেওয়া অত্যন্ত কঠিন।’ যদিও এত করুণ রেজাল্ট আশা করেনি কংগ্রেস।
এদিন এআইসিসিতে বিশেষ কোনও সেলিব্রেশনের ব্যবস্থাই এবার করেনি কংগ্রেস। গোটা সদরদপ্তর ছিল শুনশান। জন্মদিনে শ্রদ্ধা জানাতে কংগ্রেস সভাপতির ঘরের কাছে নেহরুর ছবিতে মালা, গোলাপ-পাপড়ির শ্রদ্ধার্ঘ্যের ব্যবস্থা ছিল বটে। তবে আসেননি কোনও নেতা। সকালের দিকে একবার শুধু এসেছিলেন পবন খেরা। স্রেফ এআইসিসির কর্মীদের দেখা গেল টিভিতে চোখ রেখে আর কম্পিউটারে নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলে ক্ষণে ক্ষণে চেক করছেন, কত ভোটে হার হল কংগ্রেসের!
আরজেডি, বামেদের সঙ্গে মহাগঠবন্ধনে কংগ্রেস এবার ৬১ আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে জয় এসেছে ৬টিতে। গতবার ৭০ আসনে লড়ে এসেছিল ১৯। গত পাঁচ বছরে বিন্দুমাত্র উন্নতি হয়নি। কেন হয়নি, দায় কার উপর চাপবে, তা নিয়ে অবশ্য শীঘ্রই কংগ্রেস পর্যালোচনা বৈঠক করবে। কিন্তু দিনের শেষে দলের অন্দরে একটা গুঞ্জন ঘুরপাক খাচ্ছেই। ভোট মিটতেই রাহুল-প্রিয়াঙ্কা বিদেশে? ইমেজের রাজনীতিতে তো নরেন্দ্র মোদির কাছে বারবার হারছে কংগ্রেস!