নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগ মামলায় সোমবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। অবশ্য জামিন পেলেও এখনই তিনি জেলের বাইরে বেরতে পারবেন না। কারণ, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থবাবুকে সিবিআইয়ের হাতে আটক হয়ে জেলে আছেন। সেই মামলার নিষ্পত্তি হয়নি।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিন্হাকেও সিবিআই মামলায় জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সুবীরেশবাবু এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। শান্তিপ্রসাদ এসএসসির প্রাক্তন উপদেষ্টা। সুপ্রিম কোর্টের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন আইনে সিবিআইকে চার্জ গঠন করতে হবে। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী এস ভি রাজু জামিনের বিরোধিতা করেন বটে, তবে তা কাজে দেয়নি। বিচারপতির বেঞ্চের প্রশ্ন, প্রায় তিন বছর আটকে রেখেছেন। এখনও ট্রায়ালই শুরু করতে পারেননি। দু’মাসের মধ্যে নিম্ন আদালতে ওই সাক্ষ্য গ্রহণ করতে হবে। এভাবে টানা জেলবন্দি করে রাখা যায় না।
জবাবে এস ভি রাজু জানান, এটা অত্যন্ত সিরিয়াস স্ক্যাম। অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকার মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় অনুমোদন দিচ্ছে না। তাই মামলার গতি থমকে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারপরেও সেই নির্দেশ পালন করা হয়নি। যদিও সিবিআইয়ের বক্তব্য গ্রাহ্য না করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তদন্তে সহযোগিতা, সাক্ষীদের প্রভাবিত না করা, পাসপোর্ট জমা রাখার মতো কিছু শর্ত দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।