Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নর্দমা বন্ধ করে সাফাই কাজের জেরে নোংরা জলে ভাসছে পানিহাটি, ক্ষোভ

নিকাশিনালা বন্ধ করে আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। ফলে সাতদিন ধরে জলবন্দি এলাকার রাস্তা। ফলে নোংরা জলে পা ডুবিয়েই যাতায়াত করতে হচ্ছে পানিহাটির ৭ নম্বর ওয়ার্ডের বি এন চ্যাটার্জি রোডের বাসিন্দাদের।

নর্দমা বন্ধ করে সাফাই কাজের জেরে নোংরা জলে ভাসছে পানিহাটি, ক্ষোভ
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নিকাশিনালা বন্ধ করে আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। ফলে সাতদিন ধরে জলবন্দি এলাকার রাস্তা। ফলে নোংরা জলে পা ডুবিয়েই যাতায়াত করতে হচ্ছে পানিহাটির ৭ নম্বর ওয়ার্ডের বি এন চ্যাটার্জি রোডের বাসিন্দাদের। নোংরা জলের কারণে নিত্যযাত্রীদের নাভিশ্বাস উঠছে। তাঁরা রবিবার ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, নর্দমার জল বের করার বিকল্প ব্যবস্থা পুরসভাকেই তৈরি করতে হবে। যদিও পুরসভার দাবি, সমস্যার স্থায়ী সমাধানের জন্য দুর্ভোগ একটু পোহাতে হবে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পুরসভাজুড়ে সম্প্রতি নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। নালা থেকে আবর্জনা ও পলি তোলা হচ্ছে। সেই কাজ শহরের ৭ নম্বর ওয়ার্ডেও চলছে। পি বি ঘাট রোডের নর্দমা সংস্কারের জন্য রসিকলাল শ্রীমানি রোড ও বি এন চ্যাটার্জি স্ট্রিটের সংযোগস্থলে মূল নর্দমা বালির বস্তা ফেলে বন্ধ করা হয়েছে। ফলে আশপাশের নীচু রাস্তাগুলি নোংরা জলে ভেসে যাচ্ছে। সব থেকে ভয়াবহ অবস্থা বি এন চ্যাটার্জি স্ট্রিটে। রাস্তায় গোড়ালি সমান জল জমে রয়েছে। সকালে সেই জল আরও বাড়ছে। গত সাতদিন ধরে একই পরিস্থিতি। রবিবার এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বাসিন্দা চম্পা দেবী বলেন, নর্দমার নোংরা জলে পা ডুবিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের। কয়েক দিন বাদে বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে। কীভাবে সেই অনুষ্ঠান হবে, কিছুই বুঝতে পারছি না। পুরসভাকে জানিয়েও লাভ হয়নি। 
আরেক বাসিন্দা কল্যাণী সরকার বলেন, রাস্তাঘাটের বেহাল অবস্থা। তার উপর নালার নোংরা জল উপচে রাস্তা ডুবে গিয়েছে। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা ওই জল মাড়িয়েই দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমাদের। নর্দমা পুরোপুরি বন্ধ করলে যে এই পরিস্থিতি তৈরি হবে, তা কি পুরসভার ইঞ্জিনিয়াররা আগে বোঝেননি? তাঁদের বোধবুদ্ধি নিয়েই প্রশ্ন উঠছে! ওই নর্দমার জল কি বিকল্প নালা দিয়ে বের করা যেত না? কিংবা পাম্প বসিয়েও তো সমস্যার সমাধান করা যেত। আসলে মানুষের দুর্ভোগ নিয়ে পুরসভার কোনও হেলদোল নেই। স্থানীয় কাউন্সিলার রাজা আহমেদ বলেন, দীর্ঘদিন পর নর্দমা সংস্কার করা হচ্ছে। প্রচুর আবর্জনা ও পলি জমে রয়েছে। নর্দমা বন্ধ না করলে তা ভালোভাবে পরিষ্কার করা সম্ভব নয়। মানুষের সমস্যা হলেও ভবিষ্যতের কথা ভেবেই এই কাজ করা হচ্ছে। পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, সারা শহরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে। দ্রুত সমাধান হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ