নয়াদিল্লি, ২৫ মার্চ: জম্মু ও কাশ্মীর নিয়ে ফের রাষ্ট্রসঙ্ঘে বক্তব্য রাখায়, পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগল ভারত। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে শান্তিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনা পর্ব চলছিল। সেখানেই ফের একবার জম্মু ও কাশ্মীর নিয়ে বক্তব্য রাখেন পাকিস্তানের দূত সৈয়দ তারিক ফতেমি। তার তীব্র বিরোধিতা করেন রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি তথা অ্যাম্বাসাডর পি হরিশ।
পাকিস্তানকে পাল্টা দিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধি বলেন, ‘জম্মু ও কাশ্মীর নিয়ে ফের একবার পাকিস্তানের প্রতিনিধি অযৌক্তিক কথা বলছেন। সেটা আমরা লক্ষ্য করেছি। বার বার এই ধরনের কথা বললে তাদের অবৈধ দাবি বৈধ হয়ে যাবে না। তাদের রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদকেও বৈধতা দেয় না। জম্মু ও কাশ্মীর সবসময়েই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। পাকিস্তান এখনও জম্মু ও কাশ্মীরের একটি অংশ অবৈধ ভাবে দখল করে রেখেছে। সেটি দ্রুত ছেড়ে দিক। আমরা পাকিস্তানকে পরামর্শ দেব যে তারা তাদের সংকীর্ণ ও বিভেদমূলক পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন এই স্থানের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা না করে।’
তবে এটি নতুন নয়। এর আগেও বহুবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ইস্যু তুলতে দেখা গিয়েছে ইসলামাবাদকে। তবে প্রত্যেকবারই পাকিস্তানের সেই উদ্যোগে জল ঢেলে দিয়েছে নয়াদিল্লি। রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের কূটনীতিকরা, পাকিস্তানের বক্তব্যের তীব্র বিরোধিতা করে এসেছে বারবারই।