Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ির সামনে বেলেল্লাপনা, প্রতিবাদ করায় প্রৌঢ়াকে মার!

বাড়ির সামনে বসে বেলেল্লাপনা করছিল চার মদ্যপ যুবক। ভোর ৩টে নাগাদ তাদের গালিগালাজ-চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ি মালিকের।

বাড়ির সামনে বেলেল্লাপনা, প্রতিবাদ করায় প্রৌঢ়াকে মার!
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়ির সামনে বসে বেলেল্লাপনা করছিল চার মদ্যপ যুবক। ভোর ৩টে নাগাদ তাদের গালিগালাজ-চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ি মালিকের। ‘বাড়ির সামনে তোমরা এত জোরে গালিগালাজ করছ কেন?’ —প্রতিবাদ করে বলেছিলেন প্রৌঢ়া। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই চার যুবক এবং প্রৌঢ়ার উপর চড়াও হয়। হাতের সামনে ছিল মাচার বাঁশ। তা দিয়েই প্রৌঢ়াকে মারধর করা হয়। তাঁর জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হয়। প্রৌঢ়ার ছেলে বেরিয়ে এসে মাকে বাঁচান। যদিও অভিযোগ দায়ের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্ত চারজনজনকেই গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাত ৩টে নাগাদ বাগুইআটির জগৎপুর এলাকায়। ধৃতরা ওই প্রৌঢ়ার বাড়ির সামনে এসে বেলেল্লাপনা করছিল। নিগৃহীতার অভিযোগ, ওই যুবকরা এর আগে তাঁর বাড়ির সামনে বসে মদ্যপানও করেছে। ভোররাতে চিৎকার করে নিজেরা গালিগালাজ করছিল। তিনি বেরিয়ে এসে তাদের থামতে বলেন। সেই আক্রোশেই এই হামলা! স্থানীয় হাসপাতালের মহিলার চিকিৎসা হয়। এরপর রবিবার দুপুরে তিনি বাগুইআটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী তৎপরতার সঙ্গে সকল অভিযুক্তকেই গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, রবিবার ভোররাতে নিউটাউনে বেলেল্লাপনার প্রতিবাদ করে আক্রান্ত হন এক প্রৌঢ়। ইকোপার্ক থানা এলাকায় ভোর ৩টে নাগাদ একটি ফ্ল্যাটের মধ্যে তারস্বরে গান-বাজনা এবং হুল্লোড় চলছিল। ওই প্রৌঢ় তার প্রতিবাদ করেন। তারপরই অভিযুক্ত তরুণ-তরুণীরা বাইরে বেরিয়ে এসে তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেয়! ওই ঘটনায় চার তরুণীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ