Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

২৩ লক্ষেই মিলবে গোল্ডেন ভিসা, নিয়ম বদল সংযুক্ত আরব আমিরশাহির

ভারতীয় সহ বিদেশি নাগরিকদের আরও সুযোগ-সুবিধা দিতে উদ্যোগী হল সংযুক্ত আরব আমিরশাহি সরকার (ইউএই)। এর জন্য ‘গোল্ডেন ভিসা’ প্রোগ্রামে ব্যাপক রদবদল করেছে তারা।

২৩ লক্ষেই মিলবে গোল্ডেন ভিসা, নিয়ম বদল সংযুক্ত আরব আমিরশাহির
  • ৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় সহ বিদেশি নাগরিকদের আরও সুযোগ-সুবিধা দিতে উদ্যোগী হল সংযুক্ত আরব আমিরশাহি সরকার (ইউএই)। এর জন্য ‘গোল্ডেন ভিসা’ প্রোগ্রামে ব্যাপক রদবদল করেছে তারা। ১ লক্ষ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ ৩০ হাজার টাকা দিলেই পাওয়া যাবে গোল্ডেন ভিসা। দীর্ঘমেয়াদি ভিত্তিতে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকার অনুমতি মিলবে। এর জন্য আগের মতো রিয়েল এস্টেটে বিনিয়োগ বা ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে না। এছাড়া শুধু বিত্তশালীরা নয়, এখন থেকে ডিজিট্যাল ক্রিয়েটার, স্বাস্থ্যকর্মী, মেধাবী পড়ুয়া ও দক্ষ কর্মীরাও এই বিশেষ সুবিধার পেতে পারেন। 

Advertisement

সাধারণত দশ বছরের জন্য গোল্ডেন ভিসা দিয়ে থাকে আমিরশাহি সরকার। এই ভিসা থাকলে ওই দেশে বসবাস, পড়াশোনা, চাকরিতে বিশেষ সুবিধা পাওয়া যায়। কিন্তু এতদিন গোল্ডেন ভিসা পাওয়ার জন্য রিয়েল এস্টেট ক্ষেত্রে অন্তত ২০ লক্ষ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৭০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হত। কিন্তু এখন থেকে সে সব প্রয়োজন হবে না। তবে বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আবেদনকারীদের। স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ইউটিউবার, নামী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী পড়ুয়া, স্টার্ট-আপ সংস্থার উদ্যোগপতি, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের এই বিশেষ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। দক্ষ ব্যক্তিরা দীর্ঘমেয়াদি ভিত্তিতে বসবাস করলে দেশের সামাজিক ও আর্থিক উন্নয়ন এগিয়ে যাবে বলে মনে করছে সংযুক্ত আরব আমিরশাহি সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ