Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাটনায় এনকাউন্টার, ব্যবসায়ী খুনে অন্যতম অভিযুক্তের মৃত্যু, শ্যুটারকে ১০ লক্ষ দিয়েছিলেন মূলচক্রী অশোক

এনকাউন্টারে খতম বিহারের ব্যবসায়ী গোপাল খেমকা খুনের অন্যতম অভিযুক্ত। সোমবার গভীর রাতে পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে বিকাশ ওরফে রাজার (২৯)।

পাটনায় এনকাউন্টার, ব্যবসায়ী খুনে অন্যতম অভিযুক্তের মৃত্যু, শ্যুটারকে ১০ লক্ষ দিয়েছিলেন মূলচক্রী অশোক
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: এনকাউন্টারে খতম বিহারের ব্যবসায়ী গোপাল খেমকা খুনের অন্যতম অভিযুক্ত। সোমবার গভীর রাতে পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে বিকাশ ওরফে রাজার (২৯)। গোপন সূত্রে খবর পেয়ে রাতে পাটনার মালসালামি এলাকায় রাজার ডেরায় অভিযান চালায় বিহার পুলিসের বিশেষ তদন্তকারী দল ও এসটিএফ। তা টের পেয়ে গ্রেপ্তারি এড়াতে গুলি চালায় রাজা। পাল্টা জবাব দেয় পুলিসও। আর সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় অভিযুক্তের। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এলাকায় বেআইনিভাবে অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত ছিল রাজা। বিজেপি নেতা তথা ব্যবসায়ীকে খুনের এই ঘটনায় ইতিমধ্যেই শ্যুটার উমেশ রাইকে গ্রেপ্তার করেছে পুলিস। তদন্তকারীদের অনুমান, খেমকাকে খুন করতে উমেশকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল রাজা। রাজ্যের বিভিন্ন থানা এলাকা থেকে তথ্য সংগ্রহ করে রাজার অস্ত্র ব্যবসার নেটওয়ার্ক খতিয়ে দেখছে পুলিস।

Advertisement

তদন্তে নেমে অশোক সাহু নামে নালন্দার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, এই খুনের মাস্টারমাইন্ড হলেন অশোক। সম্প্রতি বিজেপি নেতার সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর। সেইসময় খেমকাকে হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর দিকে বন্দুক তাকও করেছিলেন অভিযুক্ত। সূত্রের খবর, খেমকাকে সরাতে শ্যুটার ভাড়া করেছিলেন এই অশোক। এজন্য ১০ লক্ষ টাকার সুপারি দিয়েছিলেন তিনি। উমেশকে আগাম এক লক্ষ টাকাও দেন তিনি। এর আগে গতবছর পাটনার স্থানীয় একটি ক্লাবের নির্বাচন নিয়েও বচসায় জড়িয়েছিলেন বিজেপি নেতা খেমকা ও ধৃত অশোক সাহু। এই ঘটনায় আরও এক ব্যবসায়ীর যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিস। বিজেপি নেতাকে খুন করে ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে লুকিয়েছিল উমেশ।
বিহারে সামনেই ভোট। তার আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছে রাজ্যের জেডিইউ-বিজেপি জোট সরকার। বিরোধীদের দাবি, নীতীশ সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ