ভুবনেশ্বর: প্রবল বৃষ্টির মধ্যে সিকিমের লাচেন থেকে লাচুং যাওয়ার পথে মঙ্গন জেলার মুন্সিথাংয়ের কাছে ২৯ মে তিস্তা নদীতে পড়ে গিয়েছিল ওড়িশার বিজেপির মহিলা মোর্চার সম্পাদক ইতিশ্রী জেনার গাড়ি। চালক সহ ১১ জন ছিলেন ওই গাড়িতে যার মধ্যে ৮ জনের এখনও সন্ধান মেলেনি। নিখোঁজ ইতিশ্রী সহ তাঁর পরিবারের চার সদস্য। সোমবার ওড়িশায় ফিরেছেন ইতিশ্রীর দুই বোন মঞ্জুলতা দেও ও ঝরনা মহাপাত্র। অন্য গাড়িতে থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। জাজপুরের বাড়ি ফিরে সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেম বিজেপি নেতার দুই বোন।
তাঁরা জানিয়েছেন, পরিবারের মোট ১১ জন সদস্য সিকিমে ঘুরতে গিয়েছিলেন। সঙ্গে অন্য পর্যটকরাও ছিলেন। ২৯ মে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়। তাঁদের সঙ্গে থাকা অন্য পর্যটকরা হোটেল ছাড়তে রাজি ছিলেন না। কিন্তু একদিনের বুকিং থাকায় হোটেল মালিক আর ঘরভাড়া দিতে রাজি হননি। তাই বৃষ্টির মধ্যেই তাঁরা দুটি গাড়িতে লাচুংয়ের উদ্দেশে রওনা দেন। একটি গাড়িতে ছিলেন ইতিশ্রী। অন্য গাড়িতে ওঠেন তাঁর দুই বোন। মঞ্জুলতা জানান, ইতিশ্রীর গাড়ি তাঁদের পিছনে ছিল। ঘন অন্ধকারের মধ্যে হেডলাইট জ্বালিয়ে এগিয়ে চলেছিল দুটি গাড়ি। হেডলাইট দেখেই বোঝা যাচ্ছিল, পিছনে অন্য গাড়িটিও আসছে। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাত্ দেখা যায়, পিছনের গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে না। কিছু মুহূর্ত পরেই বোঝা যায়, রাস্তা থেকে তিস্তার খাদে পড়ে গিয়েছে গাড়িটি।