Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক!

অভাব-অভিযোগ থেকে দাবি-দাওয়া। বাংলার নাগরিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়ের কাছে সেই বার্তা যাতে সহজে পৌঁছে দিতে পারেন তার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছিল।

এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক!
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অভাব-অভিযোগ থেকে দাবি-দাওয়া। বাংলার নাগরিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়ের কাছে সেই বার্তা যাতে সহজে পৌঁছে দিতে পারেন তার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠল! শুধু তাই নয়, ওই অ্যাকাউন্ট ব্যবহার করে হ্যাকাররা ৪৭টি অনুমোদনহীন মেসেজও পাঠিয়েছে! দুটি ইনস্টগ্রাম স্টোরিও আপলোড করেছে হ্যাকাররা। ওই অফিসিয়াল অ্যাকাউন্ট যে সংস্থা পরিচালনা করে সেই সংস্থার পক্ষ থেকে সল্টলেকে মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অফিসের সময় বাদ দিয়ে হ্যাকাররা অ্যাকাউন্টটি মাঝরাতে হ্যাক করেছে। অভিযোগকারী সংস্থা পুলিশকে জানিয়েছে, রাত ২টো ৬ মিনিট থেকে ২টা ১৯ মিনিটের মধ্যে একাধিক অনুমোদনহীন ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়। পরে আবার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় মেসেজ পাঠানো হয়। দেখা গিয়েছে, অফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করে মোট ৪৭টি অনুমোদনহীন ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়েছে। এখানেই শেষ নয়। হ্যাকাররা ওই অ্যাকাউন্ট থেকে ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’কেও মেসেজ পাঠিয়েছে।
এই অফিসিয়াল অ্যাকাউন্টটি ব্যবহার করার ক্ষেত্রে বেশকিছু সীমাবদ্ধতা রয়েছে। মাত্র তিনটি অনুমোদিত ডিভাইস দিয়ে এই অ্যাকাউন্টে প্রবেশ করা যেত। একটি সরকারি মোবাইল ফোন, একটি নির্দিষ্ট ল্যাপটপ এবং একটি অফিস ডেস্কটপ। সংস্থার পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, ঘটনাটি নজরে আসার পরই দ্রুত অ্যাকাউন্টটি সুরক্ষিত করা, পাসওয়ার্ড পরিবর্তন করা, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা এবং ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট ও টাইমস্ট্যাম্প সংরক্ষণ করা হয়েছে। লগ-ইন হিস্ট্রি, আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডেন্টিফায়ার এবং সংশ্লিষ্ট মেটাডেটা প্রকাশের জন্য তারা মেটা প্ল্যাটফর্মের কাছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া জারির আবেদন জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করতে চলছে তদন্তও।

সম্পর্কিত সংবাদ