


নয়াদিল্লি: পাকিস্তানের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে ‘স্বাধীনতাকামী’ বালোচ বিদ্রোহীরা। তাদের পর পর হামলায় রীতিমতো বালুচিস্তানে নাকানি চোবানি খাচ্ছে ইসলামাবাদ। ইতিমধ্যে একাধিক অঞ্চল দখল করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এবার সেই তালিকায় যুক্ত হল গুরুত্বপূর্ণ সুরাব শহর। সরকারি ভবনের পাশাপাশি থানা, লেভি সহ বিভিন্ন ব্যাঙ্কের সম্পূর্ণ দখল নিয়েছে বালোচ বিদ্রোহীরা। হামলার সময় শহরের একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। থানার পাশাপাশি আগুন ধরানো হয় সরকারি ভবন ও গাড়িতে। ইতিমধ্যে সেই ভিডিও প্রকাশ করেছে বালুচিস্তান পোস্ট। বিদ্রোহীদের এই সাফল্যে সিঁদুরে মেঘ দেখছে পাক প্রশাসন। তবে এবিষয়ে এখনও বিবৃতি দেয়নি শাহবাজ শরিফ সরকার।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে একাধিক সরকারি ভবনে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা। বহু আধিকারিককে পণবন্দি করা হয়। হামলায় এক স্টেশন হাউস অফিসারের মৃত্যু হয়েছে। পুলিসকর্মীদের থেকে প্রচুর পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করে বিএলএ সদস্যরা। বিদ্রোহীদের দাবি, এর জেরে বড়সড় ধাক্কা খেল পাক সেনা ও পুলিস। সুরাবের দখল নেওয়ার পরেই বিবৃতি দেন বিএলএ মুখপাত্র জয়ন্দ বালোচ। তিনি জানান, কোয়েট্টা-করাচি হাইওয়ে ও সুরাব-গদর রোডে টহল দিনভর দিচ্ছে বিএলএ। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। ব্যাহত যান চলাচল।
দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে বালুচিস্তানে লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। তাদের বক্তব্য, ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ লুট করছে ইসলামাবাদ। একইসঙ্গে সেখানকার নাগরিকদের শোষণ করছে পাকিস্তান সরকার। বিদ্রোহীদের হামলায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন বহু পাক সেনা। একাধিক শহর ও সড়কের দখল নিয়েছে বিএলএ। দেখা দিয়েছে গৃহযুদ্ধের আশঙ্কা।