নয়াদিল্লি: কর্তব্য ভবন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রককে এক ছাদের তলায় আনতে বুধবার এই ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরইমধ্যে এখানকার ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারি কর্মীদের একাংশের অসন্তোষ সামনে এসেছে। তাঁদের দাবি, কর্তব্য ভবনে কোনও ব্যক্তিগত কেবিন নেই। রয়েছে ওপেন অফিস। এতে কাজের গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থাকছে। পাশাপাশি কর্মীদের মনোবল ভেঙে যাবে। ফলে কর্মদক্ষতায় প্রভাব পড়বে। সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস (সিএসএস) ফোরামের তরফে প্রধানমন্ত্রীর দপ্তরে এই ইস্যুতে একটি চিঠি পাঠানো হয়েছে। সিএসএস ফোরামের সাধারণ সম্পাদক যতেন্দ্র চান্দেলা লিখেছেন, ‘অনেক কর্মী ও আধিকারিকরাই অত্যন্ত সংবেদনশীল ও গোপন নথি নিয়ে কাজ করেন। অথচ তাঁদের এমন একটি জায়গায় বসানো হয়েছে যেখানে ফোনে বা সরাসরি আলোচনার সময় অন্যরা সহজেই শুনতে পাবেন।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘ব্যক্তিগত কেবিন না থাকায় মনঃসংযোগ নষ্ট হচ্ছে।’ যদিও সরকার এই দাবিকে মানতে নারাজ। তাদের মত, আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে ওপেন অফিস সংস্কৃতি জরুরি। এর ফলে প্রত্যেকটি মন্ত্রকের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়বে। অনেক বেসরকারি সংস্থাও বর্তমানে কেবিন রাখে না।



