Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ওয়ার্ক পারমিটে অটো রিনিউয়াল নয়, ফতোয়া ট্রাম্পের, কপালে ভাঁজ ভারতীয় কর্মীদের

বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নিয়ে আরও কঠোর আমেরিকা। এবার থেকে  এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস (ইএডিএস) বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত নথির স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না।

ওয়ার্ক পারমিটে অটো রিনিউয়াল নয়, ফতোয়া ট্রাম্পের, কপালে ভাঁজ ভারতীয় কর্মীদের
  • ৩১ অক্টোবর, ২০২৫ ১৬:১০

ওয়াশিংটন: বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নিয়ে আরও কঠোর আমেরিকা। এবার থেকে  এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস (ইএডিএস) বা ওয়ার্ক পারমিট সংক্রান্ত নথির স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না।   ট্রাম্প প্রশাসন রাতারাতি নিয়ম বদলে ফেলায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সেদেশে কর্মরত হাজার হাজার বিদেশির। মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়দেরও উদ্বেগ বাড়ল। শুধু তাই নয়, ওই কর্মীদের স্ত্রী, এফ-১ ভিসাধারী পড়ুয়া এবং আমেরিকায় আশ্রয়প্রার্থী বিদেশিরাও সমস্যায় পড়বেন। বুধবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, যাঁরা ৩০ অক্টোবর বা তারপর থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, তাঁদের আর অটোমেটিক এক্সটেনশন দেওয়া হবে না। তবে ৩০ অক্টোবরের পূর্বে যাঁদের মেয়াদ বেড়েছে, তাঁদের কোনও অসুবিধা হবে না। নয়া নিয়মে স্ক্রিনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। 

Advertisement

জো বাইডেন প্রশাসনের সময় ওয়ার্ক পারমিটের মেয়াদ ফুরিয়ে গেলেও ৫৪০ দিন পর্যন্ত কাজ করতে পারা যেত। তবে তাঁদের ইএডিএস রিনিউয়ে জন্য আবেদন করতে হত। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ডিরেক্টর জোসেফ এডলোরের মতে, আমেরিকায় কাজ করাটা সৌভাগ্যের বিষয়। কিন্তু অধিকারের মধ্যে পড়ে না। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, ওয়ার্ক পারমিট শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে রিনিউয়ের আবেদন জানানো উচিত বিদেশি কর্মীদের। দেরিতে আবেদন করলে ইএডিএস বাতিলের সম্ভাবনা প্রবল। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা। ওয়ার্ক পারমিট বাতিল হলে গ্রিন কার্ড ও ভিসা পাওয়ার ক্ষেত্রে বড়সড় অসুবিধায় পড়তে হবে তাঁদের। মার্কিন অভিবাসন আইনের সিনিয়র আইনজীবী হেনরি লিন্ডপের মতে, আবেদনের পুনর্নবীকরণ না হলে আমেরিকায় কাজের অনুমোদন হারাবেন বিদেশিরা।

সম্পর্কিত সংবাদ