নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকার ক্ষমতাসীন হওয়ার আগে পূর্বতন কোনও সরকার গরিব দেশবাসীর কাছে ব্যাঙ্কের দরজা এভাবে খুলে দেয়নি। ব্যাঙ্ক পরিষেবাকে মানুষের কাছে নিয়ে গিয়েছে মোদি সরকার। মঙ্গলবার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সাফল্যের কথা শোনালেন। জানালেন, বিগত ১১ বছরে ৫৬ কোটির বেশি জনধন অ্যাকাউন্ট চালু হয়েছে। যে অ্যাকাউন্ট প্রধানত গরিবদের জন্য চালু হয়েছে। এই প্রবণতা থেকেই প্রমাণিত যে দেশের অর্থনীতিও ক্রমেই উত্তরণের পথে যাচ্ছে। সীতারামনের এই দাবি নিয়ে অর্থনৈতিক মহলেই প্রশ্ন উঠছে। কারণ, যে জনধন অ্যাকাউন্টকে গরিবের আর্থিক ক্ষমতায়নের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া মোদি সরকার ও অর্থমন্ত্রক, সেই মন্ত্রকেরই রিপোর্টে বলা হয়েছে, ৫৬ কোটির মধ্যে প্রায় ১৪ কোটি জনধন অ্যাকাউন্ট আদতে লেনদেনহীন অবস্থায় পড়ে রয়েছে বছরের পর বছর। এর সিংহভাগই ডরম্যান্ট। অর্থাৎ টাকা তোলা ও জমা দেওয়া তো হয়ইনি, কেওয়াইসি জমা দেওয়ারও কোনও আগ্রহ দেখায়নি গ্রাহকরা। বস্তুত ব্যাঙ্কিং ব্যবস্থায় শুধুমাত্র জনধন অ্যাকাউন্টেরই ১৪ কোটি যদি অচল হয়ে পড়ে থাকে, সেটি প্রত্যেক ব্যাঙ্কের পক্ষেই সমস্যা। কারণ অ্যাকাউন্ট থাকা মানেই তার ডেটা সংরক্ষণ রাখতে হয়।



